ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন এবং গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও জবাবদিহির দাবিতে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সিডনির প্যারামাটায় আয়োজিত সমাবেশে ৪০০ জনেরও বেশি মানুষ অংশ নেন বলে জানিয়েছেন আয়োজকরা। ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস অস্ট্রেলিয়া, আম্বেদকারাইট গ্লোবাল ফেডারেশন অস্ট্রেলিয়া, ইন্ডিয়ান ক্রিসেন্ট সোসাইটি অব অস্ট্রেলিয়া, প্যাটকা এবং ক্রসওভার স্টোরিজসহ বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষাবিদ, পেশাজীবী এবং প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা স্পষ্টভাবে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ প্রতিবাদ ও ভিন্নমত প্রকাশ প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। তারা ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে নাগরিক স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবিধানিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান। এছাড়া শিক্ষার্থীদের উদ্বেগ ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। নিট (NEET) ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত এবং প্রাণ হারানো শিক্ষার্থীদের স্মরণে সমাবেশে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা অভিযোগ করেন, প্রশ্নপত্র ফাঁসের পুনরাবৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। তারা এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার জোর দাবি জানান।
পুরো কর্মসূচিটি অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। অংশগ্রহণকারীরা ন্যায়বিচার, গণতন্ত্র, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং মৌলিক স্বাধীনতার পক্ষে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। সমাবেশ শেষে আয়োজকরা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের অধিকার ও জবাবদিহির দাবিতে প্রবাসী ভারতীয়দের এই ঐক্যবদ্ধ উপস্থিতি আন্তর্জাতিক সংহতির একটি গুরুত্বপূর্ণ বার্তা। একই দিনে মেলবোর্নের ফেডারেশন স্কয়ারেও ভারতজুড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানেও প্রবাসীরা শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানান এবং চলমান পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। কর্মসূচির শেষদিকে প্রাণ হারানো শিক্ষার্থীদের স্মরণে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। আয়োজকদের মতে, সিডনি ও মেলবোর্নের এই কর্মসূচি প্রমাণ করেছে যে, স্বদেশের ঘটনাপ্রবাহের সঙ্গে প্রবাসী ভারতীয়দের গভীর আবেগিক সম্পর্ক রয়েছে এবং তারা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে সবসময় সোচ্চার।

