ঝালকাঠির গাবখান নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. আলিফ (১৫) নামের এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে ঝালকাঠি শহরের কিফায়েতনগর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় কিশোরটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
পরিবার সূত্রে জানা যায়, হবিগঞ্জের একটি মাদ্রাসার ছাত্র আলিফ ঈদের পাঁচ দিন আগে ঝালকাঠিতে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। গত শনিবার দুপুরে ছোট ভাই ও খালাতো ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। সাঁতার না জানার কারণে গোসলের একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজের তিন দিন পর নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

