সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক সেবা পেতে বাধ্যতামূলক অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের নতুন নির্দেশনা দিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো আবেদনকারীর বায়োমেট্রিক গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দূতাবাস থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে।
দূতাবাস জানায়, সম্প্রতি ই-পাসপোর্ট সেবাপ্রার্থীদের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দূতাবাস চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত ভিড় ও শৃঙ্খলাজনিত সমস্যা দেখা দিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সৌদি কর্তৃপক্ষের অনুরোধের প্রেক্ষিতে নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বায়োমেট্রিক দেওয়ার আগে সেবাপ্রার্থীদের দূতাবাসের নির্ধারিত অনলাইন লিংকের (https://passportriyadh.com/appointment) মাধ্যমে আগাম অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
তবে যেসকল প্রবাসীর ই-পাসপোর্টের আবেদন ইতোমধ্যে নির্দিষ্ট তারিখ ও সময়সহ গ্রহণ করা হয়েছে, তারা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দূতাবাসে উপস্থিত হয়ে সেবা নিতে পারবেন। সেবা প্রদান কার্যক্রম সুশৃঙ্খল ও নির্বিঘ্ন রাখতে সব প্রবাসীকে নতুন নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদ দূতাবাস।

