মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ) সম্প্রতি এক ইফতার ও আলোচনা সভার আয়োজন করেছে। গত শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় সানওয়ে স্টারকাবাব রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে কমিউনিটির উন্নয়ন ও কল্যাণে পেশাগত দায়িত্ব পালনের দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর আলম। তিনি ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণকারী ফোরামের সকল সদস্য, তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, এমবিএফএ একটি অরাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হিসেবে কাজ করে। মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সংযোগ স্থাপনের পাশাপাশি ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সংগঠনটি ভূমিকা রাখছে। এছাড়া প্রবাসে বাংলাদেশের ব্র্যান্ডিং এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও বৈচিত্র্য প্রচারের লক্ষ্যেও তারা নিয়মিত কার্যক্রম পরিচালনা করে থাকে।

