বাংলাদেশের ইতিহাস, সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও ব্যবসায়িক সম্ভাবনাকে অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজের সামনে তুলে ধরতে সিডনিতে আয়োজিত হতে যাচ্ছে ‘স্প্রিং ফেয়ার ২০২৬’। চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার উদ্যোগে আগামী ১১ অক্টোবর সিডনির ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে দিনব্যাপী এই বৃহৎ মেলা অনুষ্ঠিত হবে।
উৎসবকে কেন্দ্র করে সম্প্রতি সিডনির মিন্টোতে অনলাইন টিকিট উন্মোচন ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মেলার প্রবেশ টিকিটের মূল্য ধরা হয়েছে ১০ অস্ট্রেলিয়ান ডলার (পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য বিনামূল্যে)। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে পরিচিত করা এবং কমিউনিটির মেলবন্ধন দৃঢ় করাই এই আয়োজনের অন্যতম মূল লক্ষ্য।
আয়োজকরা জানান, ১১ অক্টোবরের দিনব্যাপী এ মেলায় প্রায় ২০ হাজারের বেশি দর্শনার্থী সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১১ ঘণ্টার এই আয়োজনে যা যা থাকছে:
-
সাংস্কৃতিক পরিবেশনা: বাংলাদেশ ও স্থানীয় জনপ্রিয় শিল্পীদের সংগীত এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
-
বিনোদনের সুযোগ: বেলা ৪টা পর্যন্ত শিশুদের জন্য রাইড সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত থাকবে।
-
স্টল ও বাণিজ্য প্রদর্শনী: দেশীয় খাবার, পোশাক, হস্তশিল্প প্রদর্শনীসহ বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রচারণার নানা আয়োজন।
চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ সিডনিপ্রবাসী বাংলাদেশিসহ মূলধারার অস্ট্রেলীয়দের পরিবার-পরিজন নিয়ে এ উৎসবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

