বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট ‘বিমসটেক’-এর প্রতিষ্ঠাকালের তিন দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল বৈঠকে যোগ দেবে। ৩ সদস্যের এই প্রতিনিধিদলে আরও থাকছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম শহীদউল করিম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা খান।
দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিন সোমবার (১২ অক্টোবর) বিমসটেকভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। পরদিন মঙ্গলবার প্রথমবারের মতো সদস্যদেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা মূল অধিবেশনে মুখোমুখি বসবেন।
এর আগে গত সেপ্টেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ অধিবেশনেও যোগ দেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ।

