বাংলাদেশে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণ প্রস্তাব চূড়ান্ত করতে আগামী সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হতে যাচ্ছে। সংস্থাটির সঙ্গে বকেয়া বিষয়গুলো নিষ্পত্তির মাধ্যমে চুক্তিটি চূড়ান্ত করাই এই বৈঠকের মূল লক্ষ্য।
থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার ফাঁকে এক বৈঠক শেষে শুক্রবার (১৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী জানান, আইএমএফের সঙ্গে ঋণের নীতিগত বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এখন দুই পক্ষের প্রতিনিধিদল চুক্তির চূড়ান্ত রূপরেখা ও বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা করবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ২৩ অক্টোবর আইএমএফের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করার কথা রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বিশ্বব্যাংক, এডিবি ও জাইকাসহ প্রধান বহুপক্ষীয় উন্নয়ন সহযোগীরা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংস্কার ও পুনরুদ্ধারে জোরালো সমর্থন দিচ্ছে। এছাড়া বিশ্বব্যাংকের সঙ্গে আগামী পাঁচ বছরের জন্য একটি সমন্বিত ‘কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক’ (সিপিএফ) সইয়ের প্রস্তুতি নিচ্ছে সরকার, যা দেশের প্রধান প্রধান উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ভূমিকা রাখবে।

