সৌদি আরবে ‘অনৈতিক কাজে লিপ্ত’ হওয়ার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের নীরবতা ও কূটনৈতিক ব্যর্থতার তীব্র প্রতিবাদ জানিয়েছে সামাজিক সংগঠন ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (এনপিএ)। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে সংগঠনটির নেতারা এ ক্ষোভ প্রকাশ করেন।
এনপিএ সেন্ট্রাল কাউন্সিলের মুখপাত্র ফেরদৌস আরা রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন এবং শিক্ষক ও গবেষক মাহা মির্জাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তাদের ক্ষোভ ও প্রধান দাবিগুলো:
-
কূটনৈতিক সুরক্ষার অভাব: সমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, “প্রবাসী কর্মীরা বিদেশে কোনো বিচার কিংবা আইনি সহায়তা না পেয়ে মৃত্যুদণ্ডের মুখে পড়ছেন। আর তাদের লাশ দেশে আসার পর সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তা অত্যন্ত জঘন্য ও অপমানজনক।” প্রবাসে থাকা প্রবাসীদের মামলায় আইনি সহায়তা ও সুরক্ষায় সরকার কী পদক্ষেপ নিচ্ছে—আগামী সাত দিনের মধ্যে তা স্পষ্ট করার দাবি জানান তিনি।
-
জবাবদিহির অভাব: অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন অভিযোগ করেন, সৌদি সরকার দুজন বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদ করার আগে কোনো ন্যূনতম আইনি জবাবদিহি বা নোটিশ দেওয়ার প্রয়োজন বোধ করেনি। তিনি প্রশ্ন তোলেন, আটক থাকা অবস্থায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কেন তাদের কোনো আইনি সহায়তা প্রদান করা হলো না?
-
প্রবাসী অধিকার নিশ্চিতকরণ: গবেষক মাহা মির্জা বলেন, “রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীরা স্রেফ অর্থ উপার্জনের যন্ত্র বা পশু নন। তাদের মৌলিক মানবাধিকার ও জীবনের সুরক্ষা দেওয়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের প্রধান দায়িত্ব।”
সমাবেশ থেকে বক্তারা বিদেশে অবস্থানরত লাখ লাখ অভিবাসী শ্রমিকের সুরক্ষা নিশ্চিত করতে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সুস্পষ্ট কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।

