চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৪৮০ গ্রাম স্বর্ণালংকারসহ মোহাম্মদ শরীফ নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস ও এনএসআই সদস্যরা। উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা।
আটক মোহাম্মদ শরীফ নোয়াখালী জেলার সেনবাগ এলাকার বাসিন্দা। তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলা’ নামের একটি হজ এজেন্সির প্রতিনিধি বলে জানা গেছে।
যেভাবে উদ্ধার করা হলো স্বর্ণ:
বিমানবন্দর সূত্রে জানা যায়, রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটে জেদ্দা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে করে চট্টগ্রামে নামেন ওই যাত্রী। বিমানবন্দরে নামার পর আগমনী হলে ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় তার চলাফেরা ও গতিবিধি দেখে কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ হয়।
পরবর্তীতে তাকে কাস্টমস হলে এনে নিবিড় তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার ব্যবহৃত হ্যান্ডব্যাগ এবং পরিহিত পোশাকের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৪৮০ গ্রাম ওজনের বিপুল পরিমাণ স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।
আইনি ব্যবস্থা ও কাস্টমস প্রক্রিয়া:
উদ্ধার হওয়া স্বর্ণের চুড়িগুলো কাস্টমস কর্তৃপক্ষের হেফাজতে জমা রাখা হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, কাস্টমস ও কর ফাঁপি দিয়ে অবৈধভাবে স্বর্ণ চোরাচালানের অপরাধে আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে থানায় একটি ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

