সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি)-এর ইউরোপ শাখা আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার লন্ডনের নিউবারি পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা ইউরোপ শাখার নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন। এতে সাংবাদিক সাঈদ চৌধুরীকে কনভেনার এবং শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক নোমান আযমীকে কো-কনভেনার হিসেবে মনোনীত করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপ শাখার পূর্ণাঙ্গ কমিটি দ্রুত সময়ের মধ্যেই ঘোষণা করা হবে। বর্তমানে সংস্থাটির নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন লেখক ও সংগঠক মাহবুবুল হক হিরন।
অনুষ্ঠানে সিএনসির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা সংগঠনের লক্ষ্য ও আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশের নিজস্ব ভাষা, ঐতিহ্য ও মূল্যবোধের সংরক্ষণ এবং তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সিএনসির প্রধান লক্ষ্য। সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, বই পড়ার অভ্যাস বৃদ্ধি, জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং গুণীজনদের সম্মাননা প্রদানের মতো নানা কার্যক্রমের মাধ্যমে সিএনসি ইতোমধ্যে পরিচিতি পেয়েছে।
সভায় সিএনসির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসানের বর্ণাঢ্য কর্মজীবনের ওপর বিশেষ আলোকপাত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে ১৯৪৩ সালে স্নাতক ও ১৯৪৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। কর্মজীবনের শুরুতে অল ইন্ডিয়া রেডিওর কলকাতা কেন্দ্র ও পরে রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্রে কাজ করেছেন। ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেওয়া সৈয়দ আলী আহসান ১৯৫৩ থেকে ১৯৬০ সাল পর্যন্ত করাচি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও ১৯৬০ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত বাংলা একাডেমির পরিচালক ও প্রধান নির্বাহী এবং ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তিনি দায়িত্বরত ছিলেন। ১৯৭৫ সালের ২৭ সেপ্টেম্বর থেকে ১৯৭৭ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৭৭-৭৮ সালে তিনি শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতির উপদেষ্টা ছিলেন। ১৯৮৯ সালে তিনি জাতীয় অধ্যাপক হিসেবে স্বীকৃতি লাভ করেন এবং একই বছর পুনরায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন। তার সেই অসামান্য অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন বক্তারা।

