সুরের সঙ্গে তাঁর পথচলা দীর্ঘদিনের। বাংলা গানের প্রতি ভালোবাসা আর নিজস্ব গায়কী দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন ড. তারান্নুম আফরীন। পুরোনো দিনের কালজয়ী গান থেকে আধুনিক সুর—সবখানেই নিজের স্বকীয়তার ছাপ রেখেছেন এই সংগীতশিল্পী। এবার শ্রোতাদের জন্য নতুন এক সংগীত আয়োজন নিয়ে আসছেন তিনি। তাঁর নতুন মৌলিক গানের নাম ‘হারাই নাই’।
গানটির কথা লিখেছেন সারজিল মাজহার। সুর করেছেন রোজা আক্তার আবরার এবং সংগীতায়োজন করেছেন মাহমুদ মিলন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তুহিন আহমেদ।
নতুন এই গান নিয়ে বেশ উচ্ছ্বসিত তারান্নুম আফরীন। গানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার জন্য অন্যরকম একটা কাজ। চেনা ঘরানার বাইরে গিয়ে গানটি করেছি। তাই কাজটা সহজ ছিল না, কিন্তু আমরা প্রত্যেকে খুব যত্ন নিয়ে গানটি তৈরি করেছি।’
গানের পেছনের ভাবনা তুলে ধরে এই শিল্পী আরও বলেন, ‘ছোটবেলার কিছু স্মৃতি আছে, যেগুলো সময়ের সঙ্গে হারিয়ে চোখের আড়াল হয়ে যায়। জীবন সবাইকে আলাদা দিকে নিয়ে যায়, যোগাযোগও কমে যায়। কিন্তু হঠাৎ কোনো একদিন মনে হয়, কিছুই তো আসলে হারায়নি। কোথাও চুপচাপ থেকে গেছে। হারাই নাইয়ের মধ্যে আমি সেই অনুভূতিটাই ধরতে চেয়েছি।’
জীবনের নানা বাঁকে হারিয়ে যাওয়া মানুষ, ফেলে আসা স্মৃতি আর না বলা অনুভূতির গল্প উঠে এসেছে গানটিতে। সময়ের ব্যবধানে অনেক সম্পর্কের দূরত্ব তৈরি হলেও কিছু স্মৃতি থেকে যায় মনের গভীরে। সেই অনুভূতিকেই সুর ও কথার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী।
নিজের নতুন এই আয়োজন নিয়ে আশাবাদী তারান্নুম আফরীন। তাঁর প্রত্যাশা, ভিন্নধর্মী কথা, সুর ও সংগীতায়োজনের কারণে গানটি শ্রোতাদের ভালো লাগবে। বিশেষ করে যাঁরা জীবনের কোনো না কোনো সময়ে প্রিয় মানুষ কিংবা প্রিয় মুহূর্তকে হারিয়ে ফেলার অনুভূতির মধ্য দিয়ে গেছেন, তাঁরা গানটির সঙ্গে নিজেদের মেলাতে পারবেন।
বাংলা গানের প্রতি ভালোবাসা থেকেই নিয়মিত সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন ড. তারান্নুম আফরীন। নতুন নতুন গান ও সংগীত আয়োজনের মাধ্যমে শ্রোতাদের কাছে নিজের গায়কীর ভিন্নতা তুলে ধরতে চান তিনি।
শিল্পী জানিয়েছেন, শিগগিরই শ্রোতাদের কাছে আসবে তাঁর নতুন মৌলিক গান ‘হারাই নাই’।

