মধ্যপ্রাচ্যে ইরান ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাথে চলমান সামরিক সংঘাতের উত্তাপ এবার আছড়ে পড়েছে ফুটবল মাঠেও। রিয়াদসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর নিরাপত্তা বিবেচনায় সৌদি প্রো লিগের (এসপিএল) বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসরের বহুল প্রতীক্ষিত ম্যাচটিও।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌদি প্রো লিগ কতৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক জরুরি বিবৃতিতে জানায়, ‘লজিস্টিক বিবেচনা ও খেলোয়াড়দের বাধ্যতামূলক ন্যূনতম বিশ্রামের সময় নিশ্চিত করতে’ লিগের নবম রাউন্ডের তিনটি ম্যাচের সূচিতে এই রদবদল আনা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, টেবিলের শীর্ষে থাকা আল হিলাল ও আল রিয়াদের ম্যাচ এবং আল ইত্তিহাদ ও আল শাবাবের মধ্যকার দ্বৈরথটি আগামী ১৯ ডিসেম্বরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, হাইভোল্টেজ ম্যাচে আল আহলির মুখোমুখি হওয়ার কথা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের; তবে সেই ম্যাচটি পিছিয়ে একবারে আগামী ২০২৭ সালের ৬ মার্চ নির্ধারণ করা হয়েছে। তবে নবম রাউন্ডের বাকি সব ম্যাচ পূর্বনির্ধারিত সূচি অনুসারেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এসপিএল।
এর আগে সোমবার রিয়াদে উজবেকিস্তানের ক্লাব ‘নেফচি ফেরগানা’র বিরুদ্ধে আল নাসরের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিও শুরুর নির্ধারিত সময়ের থেকে এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি মারাত্মক ক্ষেপণাস্ত্র সৌদি জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে ধ্বংস করার পরপরই নিরাপত্তার স্বার্থে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, সম্প্রতি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক প্রাণহানি ও চরম বিমান স্থবিরতা তৈরি হয়। ২০১৫ সালের পর সৌদির মূল ভূখণ্ডে এটিকে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে গণ্য করা হচ্ছে, যা দেশটির ক্রীড়া অঙ্গন ও স্বাভাবিক নাগরিক জীবনযাত্রায় চরম অস্থিরতা তৈরি করেছে।

