উন্নত জীবনযাত্রা, মানসম্মত শিক্ষা এবং গবেষণার অসামান্য সুযোগের কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার অন্যতম পছন্দের গন্তব্য হয়ে উঠেছে ডেনমার্ক। বিশেষ করে নর্ডিক এই দেশটির নিরাপদ পরিবেশ ও শীর্ষ সারির শিক্ষাব্যবস্থার কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যেও আগ্রহ দিন দিন বাড়ছে।
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৬ অনুযায়ী বিশ্বের তৃতীয় সুখী দেশ ডেনমার্কে বর্তমানে ৫০০টিরও বেশি ইংরেজিতে পরিচালিত কোর্স রয়েছে। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিশ্বমানের শিক্ষার পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় স্কলারশিপ এবং খণ্ডকালীন কাজের সুবিধা।
ভর্তির যোগ্যতা ও শিক্ষাবর্ষ:
উচ্চশিক্ষায় আবেদনের জন্য ব্যাচেলর পর্যায়ে ডেনিশ ৭-পয়েন্ট স্কেলের সমমানের মেধা এবং মাস্টার্সের জন্য চার বছরের স্নাতক ডিগ্রি প্রয়োজন হয়। ডেনমার্কে সাধারণত সেপ্টেম্বর (অটাম) এবং ফেব্রুয়ারি (স্প্রিং) এই দুই সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করা হয়। স্নাতক পর্যায়ে আবেদনের জন্য কেন্দ্রীয় পোর্টাল (Optagelse.dk) ব্যবহার করতে হয়।
ভাষাগত যোগ্যতা:
ইংরেজি মাধ্যমে পরিচালিত কোর্সের জন্য ন্যূনতম আইইএলটিএস (IELTS) স্কোর ৬.৫ (ইংরেজি ‘বি’ ক্যাটাগরি) থেকে ৭.০ (ইংরেজি ‘এ’ ক্যাটাগরি) প্রয়োজন হয়। ডেনিশ ভাষা না জানলেও ইংরেজি মাধ্যমে পড়াশোনায় কোনো বাধা থাকে না।
পড়াশোনা ও জীবনযাত্রার খরচ:
নন-ইইউ (বাংলাদেশি) শিক্ষার্থীদের জন্য বার্ষিক টিউশন ফি সাধারণত ৬,০০০ থেকে ১৬,০০০ ইউরো (প্রায় ৪৫ হাজার থেকে ১ লাখ ২০ হাজার ডেনিশ ক্রোন)। জীবনযাত্রার ব্যয় নির্বাহে ব্যাংক ব্যালেন্স হিসেবে মাসে ৭,৪২৬ ক্রোন বা বছরে মোট ৮৯,১১২ ক্রোন আর্থিক সক্ষমতা দেখাতে হয়। আর ভিসার সরকারি আবেদন ফি ৩,০৬০ ডেনিশ ক্রোন।
কাজের সুযোগ ও স্কলারশিপ:
পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীরা সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত মাসে সর্বোচ্চ ৯০ ঘণ্টা এবং জুন-আগস্টের ছুটির সময়ে পূর্ণকালীন কাজের সুযোগ পান। এ ছাড়া ‘ডেনমার্ক গভর্মেন্ট স্কলারশিপ’ ও ‘এরাসমাস মুন্ডাস’-এর মতো সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির সুবিধা রয়েছে। পড়াশোনা শেষে চাকরি খোঁজার জন্য শিক্ষার্থীরা ছয় মাসের পোস্ট-স্টাডি রেসিডেন্স পারমিট পেয়ে থাকেন।
ইউনিভার্সিটি অব কোপেনহেগেন, আরহুস ইউনিভার্সিটি, আলবর্গ ইউনিভার্সিটি ও টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডেনমার্কের মতো বিশ্বমানের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিনির্মাণে নতুন দিগন্ত উন্মোচন করছে।

