জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধন করে দেওয়ার নাম করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতারক চক্র সক্রিয় হয়েছে। ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তারা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে। রোববার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. আব্দুল মমিন সরকারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারক চক্রটি এনআইডি সংশোধনের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এমনকি বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তারা নির্বাচন কমিশন সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তার ব্যক্তিগত ছবি ব্যবহার করছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, এনআইডি সংক্রান্ত কোনো সেবা প্রদানের জন্য তারা ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মতো কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে না। পরিচয়পত্র সম্পর্কিত যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্ট থানা বা উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য বা সহায়তার জন্য নির্বাচন কমিশনের ১০৫ নম্বর হটলাইনে কল করার জন্য বলা হয়েছে।

