বিগত ১৬-১৭ বছরে দেশে সংঘটিত গুম, খুনের ঘটনা, রাজনৈতিক নিপীড়ন, গায়েবি মামলা এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রবিবার ১৫ নভেম্বর জাতীয় সংসদে সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর উত্থাপিত পয়েন্ট অব অর্ডারের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘‘বিগত ১৬-১৭ বছরে দেশে সংঘটিত গুম, খুন, গায়েবি মামলা ও রাজনৈতিক নিপীড়নের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ, হাত, কানসহ শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়েছেন, তাদের প্রত্যেকের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার।
আইনমন্ত্রী জানান, ন্যায়বিচারের মানদণ্ড বজায় রেখে এসব ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। আদালতে উপযুক্ত নথিপত্র ও সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তিনি উল্লেখ করেন, বিচার প্রক্রিয়া যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা আসামিদের বিরুদ্ধে সংগৃহীত প্রমাণ যেকোনো দেশের আদালতের মানদণ্ডেই অপরাধীদের শাস্তির জন্য যথেষ্ট বলে তিনি মত প্রকাশ করেন।
আদালত প্রাঙ্গণে একজন আসামিকে নিয়ে উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিষয়টি তার নজরে এসেছে। যদিও এটি আইন মন্ত্রণালয়ের প্রত্যক্ষ আওতাভুক্ত নয়, তবুও বিষয়টি জানার পর সংশ্লিষ্ট আসামিকে যেভাবে আদালতে আনা-নেওয়া করা হয়েছে, তা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে আদালত এলাকায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা দেন তিনি। বিষয়টি আইন মন্ত্রণালয়ের সরাসরি আওতাভুক্ত না হলেও ঘটনাটি জানার পর সংশ্লিষ্ট আসামিকে একজন কুখ্যাত অপরাধীর মতো করে নিয়ে গিয়ে ফেরত পাঠানোর বিষয়টি ঘটেছে।
এর আগে মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের আদালতে হাজিরা নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ করেন তাহসিনা রুশদী। তিনি জানান, গত বৃহস্পতিবার খুনের মামলায় অভিযুক্ত এই আসামিকে হাতকড়া ও ডাণ্ডাবেড়ি ছাড়া আদালতে হাজির করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তার অঙ্গভঙ্গি ও পুলিশ সদস্যদের প্রটোকল দেওয়ার বিষয়টি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনার প্রেক্ষিতে তিনি আইনমন্ত্রীর কাছ থেকে সুনির্দিষ্ট ব্যাখ্যা দাবি করেন। গত বৃহস্পতিবার তাকে হাজিরার জন্য আদালতে নেওয়ার সময় তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তার অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন কোনো আনন্দভ্রমণে বের হয়েছেন। হাতকড়া পরতে অস্বীকৃতি জানালেও তাকে হাতকড়া পরানো হয়নি।
আইনমন্ত্রী আরও জানান, বিগত ১৬ বছরের অপরাধ ও জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তার নেতৃত্বে এবং চিফ প্রসিকিউটরের সমন্বয়ে এই তদন্ত দল পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় যাবে। তিনি সংসদ সদস্যদের আহ্বান জানিয়ে বলেন, তদন্ত দল জেলায় জেলায় গেলে তাদের স্থানীয় পুলিশ কর্মকর্তা, সংবাদকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক কর্মীদের মাধ্যমে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। বিশেষ করে, এসব অপরাধ কার প্রশ্রয়ে বা ইন্ধনে সংঘটিত হয়েছে, তা চিহ্নিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

