পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের স্বাস্থ্য ও কারাবন্দী জীবনের অবমাননাকর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাত সাবেক ক্রিকেট অধিনায়ক। প্রায় তিন বছর ধরে কারাগারে থাকা এই কিংবদন্তি ক্রিকটারের সুচিকিৎসা ও মানবিক অধিকার নিশ্চিত করতে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনার জোর দাবি জানিয়ে তাঁরা অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংকে এক যৌথ চিঠি পাঠিয়েছেন।
অস্ট্রেলীয় ক্রিকেটের খ্যাতনামা সাবেক সাত অধিনায়ক হলেন অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর ও স্টিভ ওয়াহ। চিঠিতে তাঁরা বিষয়টি স্পষ্ট করে উল্লেখ করেছেন যে, কোনো রাজনৈতিক বা কূটনৈতিক স্বার্থ থেকে নয়, বরং বিশ্ব ক্রিকেটের সাবেক অধিনায়ক হিসেবে দায়িত্ববোধ ও মানবিকতার তাগিদ থেকেই তাঁরা এই আবেদন জানিয়েছেন।
‘বিষয়টি রাজনৈতিক নয়, মানবিকতার’
পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, “জনাব ইমরান খানের বিরুদ্ধে চলা আইনি কিংবা রাজনৈতিক মামলার ক্ষেত্রে এই সাবেক অধিনায়কদের দল কোনো পক্ষের সমর্থন করছে না। আইনি প্রক্রিয়া পাকিস্তানের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়। তবে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে কারাবন্দী যেকোনো মানুষের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা একটি মৌলিক বিষয়।”
চিঠিতে অসি কিংবদন্তিরা উল্লেখ করেন, ইমরান খানের সুচিকিৎসা না পাওয়া, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ সীমাবদ্ধ করা এবং প্রয়োজনীয় আইনি সুযোগ সুবিধা না দেওয়া সংক্রান্ত যে খবর প্রকাশিত হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক।
আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের ধারাবাহিক প্রয়াস
ইমরান খানের মুক্তি ও যথাযথ চিকিৎসার দাবিতে বিশ্ব ক্রিকেটের তারকাদের পক্ষ থেকে দেওয়া এটিই প্রথম কোনো উদ্যোগ নয়।
এর আগে গত ২৩ আগস্ট বিশ্বের বিভিন্ন দেশের ২২ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক (যার মধ্যে ভারতের সুনীল গাভাস্কার ও কপিল দেবও ছিলেন) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে খোলা চিঠি পাঠান। এতে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসকদের উপস্থিতিতে গঠিত মেডিকেল বোর্ডের মাধ্যমে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা বিশেষ করে তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
একই সঙ্গে সুপ্রিম কোর্টের আদেশের আলোকে সাপ্তাহিক পারিবারিক সাক্ষাৎকারের সুযোগ পুনঃপ্রতিষ্ঠা এবং চিকিৎসকদের সুপারিশ অনুযায়ী অবিলম্বে সুচিকিৎসা নিশ্চিতের সুনির্দিষ্ট তিনটি দাবি তুলে ধরা হয়েছিল। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কদের এই যৌথ চিঠি ইমরান খানের চিকিৎসাসেবা নিশ্চিত করার সেই আন্তর্জাতিক দাবিকে আবারও জোরদার করল।

