সাত সমুদ্র পাড়ি দিয়েও প্রবাসে বাঙালি সংস্কৃতির আবেগ ও ঐতিহ্য বিন্দুমাত্র কমেনি। নিউইয়র্কের প্রাণকেন্দ্রে অবস্থিত টাইমস স্কয়ারের ফাদার ডাফি স্কোয়ারে গত ১০ ও ১১ অক্টোবর দুই দিনব্যাপী দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘টাইমস স্কোয়ার দুর্গা উৎসব’। প্রতিকূল আবহাওয়াকেও হার মানিয়ে সেখানে পুজো-অর্চনা, বাংলা গান ও নাচের আবহে উৎসবমুখর পরিবেশ গড়ে তোলেন প্রবাসী বাঙালিরা।
‘টাইমস স্কোয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে আয়োজিত এই উৎসবে আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি এবং আন্তর্জাতিক পর্যটকরা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি উৎসবের দ্বিতীয় দিনে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ‘দশ মহাবিদ্যা’ নৃত্যনাট্য। এছাড়া শিল্পী মেখলা দাশগুপ্ত ও দেয়াশিনী রায়ের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। প্রবাসের মাটিতে নতুন প্রজন্মের শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাঙালি সংস্কৃতি চর্চাকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
উৎসবে আমেরিকার মাটিতে বিগত পাঁচ দশক ধরে দুর্গাপুজো ও বাঙালি সংস্কৃতির ধারাকে বাঁচিয়ে রাখা ছয়টি ঐতিহ্যবাহী সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আয়োজকদের সম্মিলিত প্রচেষ্টায় নিউইয়র্কের মতো আন্তর্জাতিক মঞ্চে ফুটে ওঠে আবহমান বাঙালির চিরায়ত উৎসবের রূপ।

