মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-ফাইভ থেকে আবারও স্টেট সিনেটর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ শেখ মুজাহিদুর রহমান চন্দন (শেখ রহমান)। তার এই টানা বিজয়ে তাঁর পৈতৃক নিবাস কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার।
ডেমোক্রেটিক পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে প্রাথমিক ফলাফলে তিনি ৩৫ হাজার ১০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর আগে গত ১৯ মে দলের প্রাথমিক (প্রাইমারি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রবিন ম্যাককয়কে পরাজিত করে ডেমোক্রেটিক দলের চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করেছিলেন তিনি।
ইতিহাস গড়া রাজনৈতিক ক্যারিয়ার:
যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে ‘শেখ রহমান’ নামে পরিচিত শেখ মুজাহিদুর রহমান জর্জিয়া অঙ্গরাজ্যের প্রথম মুসলিম এবং প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত স্টেট সিনেটর। এর আগে ২০১৮ সালে প্রথমবার এই আসন থেকে জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করেছিলেন তিনি।
১৯৮১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শেখ রহমান। তিনি জর্জিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। ব্যক্তিগত জীবনে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের বড় ভাই। এর আগে গত জাতীয় সংসদ নির্বাচনে ভাইয়ের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছিলেন তিনি।
পরিবার ও স্থানীয়দের প্রতিক্রিয়া:
ছেলের এই ঐতিহাসিক বিজয়ে আবেগাপ্লুত তাঁর মা সৈয়দা হাজেরা খাতুন। আনন্দ প্রকাশ করে তিনি বলেন, “আমার ছেলে আবারও বিজয়ী হয়েছে, দেশবাসীর কাছে আমি তার জন্য দোয়া চাই। আমার বিশ্বাস, সে একদিন আরও বড় পরিসরে দেশের মুখ উজ্জ্বল করবে।”
সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল জানান, বড় ভাইয়ের এই সাফল্যে পুরো পরিবার এবং দেশের মানুষ গর্বিত। তিনি জানান, চলতি মাসের শেষ দিকে মার্কিন সিনেটর শেখ রহমান ব্যক্তিগত সফরে বাংলাদেশে আসার কথা রয়েছে।

