বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে দুই দেশের মধ্যে তথ্যপ্রযুক্তি, কারিগরি শিক্ষা ও বিজ্ঞানের উদ্ভাবনী ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে এক সৌজন্য মতবিনিময়কালে মন্ত্রী এই গুরুত্বারোপ করেন।
দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি আদান-প্রদান:
বৈঠকে প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “বিশ্বজুড়ে প্রযুক্তির অভাবনীয় পরিবর্তনের এই সময়ে আন্তর্জাতিক সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত জরুরি। অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের প্রযুক্তিগত অগ্রগতি ও অভিজ্ঞতা বাংলাদেশের ডিজিটালাইজেশন গতি ত্বরান্বিত করতে এবং তরুণদের দক্ষতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখতে পারে।” এ উদ্দেশ্যে দুই দেশের সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আইটিইউ নির্বাচনে অস্ট্রেলিয়াকে বাংলাদেশের সমর্থন:
মতবিনিময়কালে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল আগামী ২০২৬ সালের নভেম্বরে দোহার আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) কাউন্সিল নির্বাচনে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে সমর্থন করায় দেশটির সরকারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।
একইসঙ্গে তিনি বাংলাদেশে তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সম্ভাবনাময় খাতে দ্বিপক্ষীয় অভিজ্ঞতা বিনিময়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
দ্বিপক্ষীয় এই আলোচনায় দুই দেশের যৌথ অংশীদারিত্ব আগামীতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে বৈঠকে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকালে অস্ট্রেলীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) হ্যারি থম্পসনসহ আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

