নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ১০ দিন পর একটি জলবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করেছে দেশটি সেনাসদস্যরা। শনিবার (৫ সেপ্টেম্বর) উত্তরাঞ্চলীয় রাসুয়া জেলার ‘আপার ত্রিশুলি-১’ জলবিদ্যুৎ প্রকল্পের ২২৫ মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ থেকে তাঁকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ওই চীনা নাগরিকের নাম লু হাইতাও।
জানা গেছে, গত ২৬ আগস্ট তিব্বত ও নেপাল সীমান্তবর্তী নদীর একটি প্রাকৃতিক বাঁধ (ব্যারিয়ার হ্রদ) ভেঙে গিয়ে লাখ লাখ ঘনমিটার পানি, কাদা ও পাথর ধসে পড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে নেপালের রাসুয়াসহ নুয়াকোট, ধাদিং ও চিতওয়ান জেলায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। গত ১১ দিনে এসব এলাকা থেকে অন্তত ১ হাজার ৩৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বন্যায় রাসুয়ার বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ কাদা ও পাথরে আটকে যায়। এমনই এক সুড়ঙ্গে ১০ দিন ধরে আটকা ছিলেন লু হাইতাও। এর আগে শুক্রবার ‘আপার ত্রিশুলি ৩-এ’ প্রকল্পের সুড়ঙ্গ থেকে আরও দুজনকে জীবিত উদ্ধার করেছিল পুলিশ। লু হাইতাও হলেন সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার হওয়া তৃতীয় ব্যক্তি।
নেপাল সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধারের সময় লু প্রচণ্ড ক্লান্ত ও ধূলিমলিন ছিলেন। দীর্ঘ ১০ দিন খাবার ও পানির অভাব এবং কনকনে ঠান্ডায় থাকায় তিনি পানিশূন্যতা ও মৃদু ‘হাইপোথার্মিয়া’য় ভুগছিলেন। তবে তাঁর শরীরে বড় কোনো আঘাত বা হাড় ভাঙার চিহ্ন পাওয়া যায়নি। বর্তমানে তিনি কাঠমাণ্ডুতে সেনাবাহিনীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

