বাংলাদেশের রাসায়নিক শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করে প্রায় ১০০ কোটি টাকার বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) যৌথ চুক্তি স্বাক্ষর করেছে দেশীয় শিল্পগোষ্ঠী এসআর গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’। চীন, কানাডা ও জার্মানির তিনটি শীর্ষস্থানীয় রাসায়নিক প্রতিষ্ঠানের যৌথ অর্থায়নে বাংলাদেশে একটি আধুনিক ট্রাইক্লোরোইসায়ানুরিক এসিড উৎপাদন কারখানা গড়ে তোলা হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, চীনের পুয়াং ক্লিনওয়ে কেমিক্যাল লিমিটেড, কানাডার কিংস প্যাসিফিক এন্টারপ্রাইজেস লিমিটেড এবং জার্মানির স্টেনব্যাচ ক্লোরিন জিএমবিএইচ-এর সঙ্গে এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। নতুন যৌথ উদ্যোগ প্রতিষ্ঠান ‘এসআর প্যাসিফিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর অধীনে এই শতভাগ রপ্তানিমুখী প্রকল্পটি বাস্তবায়িত হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ রব্বানী এবং পুয়াং কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শিনকে ওয়াং। এ সময় এসআর গ্রুপের প্রধান কৌশলগত উপদেষ্টা মেহবুব চৌধুরীসহ বিদেশি প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকল্পের মূল লক্ষ্য ও সময়সীমা:
-
কাঁচামালের ব্যবহার: উৎপাদনে প্রয়োজনীয় মূল কাঁচামাল ‘ক্লোরিন’ সরাসরি সরবরাহ করবে স্থানীয় এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ।
-
উৎপাদন লক্ষ্যমাত্রা: উৎপাদিত ট্রাইক্লোরোইসায়ানুরিক এসিডের শতভাগ বিদেশি বাজারে রপ্তানি করা হবে।
-
বাণিজ্যিক সময়সূচি: প্ল্যান্ট স্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) থেকে বাণিজ্যিক উৎপাদন ও বিদেশে রপ্তানি প্রক্রিয়া শুরু হবে।
শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিনিয়োগ দেশের রাসায়নিক খাতে বিশ্বমানের প্রযুক্তি হস্তান্তর ও আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণের পথ প্রশস্ত করবে। একই সঙ্গে স্থানীয় কাঁচামালের ব্যবহার, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং রাসায়নিক পণ্য রপ্তানির মাধ্যমে দেশের বৈচিত্র্যময় বৈদেশিক মুদ্রা অর্জনে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

