সাইবার অপরাধ দমন, ডিজিটাল নিরাপত্তা জোরদারকরণ এবং প্রযুক্তিভিত্তিক তদন্ত সক্ষমতা বাড়াতে বাংলাদেশ পুলিশের অধীনে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরবর্তীতে পুলিশ সদর দপ্তরের ‘হল অব প্রাইড’-এ আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র এই যুগে প্রথাগত পুলিশিং থেকে বেরিয়ে এসে পুলিশকে আধুনিক প্রযুক্তি ও মেধানির্ভর ফোর্সে রূপান্তরের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অর্গানোগ্রাম, জনবল ও নেতৃত্ব
-
শীর্ষ নেতৃত্ব: নতুন এই বিশেষায়িত ইউনিটটি একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে পরিচালিত হবে। প্রাথমিকভাবে অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেনকে এর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
-
মাঠপর্যায়ের কাঠামো: বিভাগীয় পর্যায়ে ডিআইজি বা অতিরিক্ত ডিআইজি এবং জেলা পর্যায়ে পুলিশ সুপার (এসপি) দায়িত্ব পালন করবেন। এছাড়া থানা পর্যায়ে ওসির অধীনে পৃথক এসআই, এএসআই ও কনস্টেবল পদায়নের মাধ্যমে সরাসরি সাইবার সেবা ও তদন্ত পরিচালনা করা হবে।
-
অনুমোদিত জনবল: ইউনিটের জন্য মোট ৪,৫৯২টি পদের অর্গানোগ্রাম অনুমোদন করা হয়েছে। বিদ্যমান পুলিশের প্রশিক্ষিত সদস্যদের পাশাপাশি নতুন নিয়োগের মাধ্যমে এই জনবল পূর্ণাঙ্গ রূপ পাবে।
আকর্ষণীয় বেতনে চুক্তিভিত্তিক উচ্চদক্ষ আন্তর্জাতিক বিশেষজ্ঞ নিয়োগ
প্রথাগত পুলিশি কাঠামোর বাইরে গিয়ে আন্তর্জাতিক মানের কারিগরি দক্ষতা নিশ্চিত করতে এই ইউনিটে চুক্তিভিত্তিক (কন্ট্রাকচুয়াল) ও আউটসোর্সিংয়ের মাধ্যমে বিশেষজ্ঞ নিয়োগের বিশেষ বিধান রাখা হয়েছে।
এদের জন্য থাকবে আলাদা ও আকর্ষণীয় বেতন কাঠামো। যেসব পদে বিশেষজ্ঞ নিয়োগ পাবে:
-
সিস্টেম ও সাইবার সিকিউরিটি এক্সপার্ট
-
ডার্ক ওয়েব ও ম্যালওয়্যার অ্যানালিস্ট
-
ফাইন্যান্সিয়াল ডেটা ও ক্রিপ্টো অ্যানালিস্ট
-
নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ও সোশ্যাল মিডিয়া অ্যানালিস্ট
-
ইমার্জেন্সি রেসপন্স ও ডিজাস্টার রিকভারি কনসালটেন্ট
এছাড়া কর্মরত সিনিয়র কর্মকর্তা ও সদস্যদের জন্য দেশ-বিদেশে বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা এবং কাজের অবদানের ভিত্তিতে বিশেষ প্রণোদনা নিশ্চিত করা হয়েছে।
একক কাঠামোর অধীনে বিশ্বমানের সর্বাধুনিক ফরেনসিক ল্যাব
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মানি লন্ডারিং, সোশ্যাল মিডিয়াভিত্তিক গুজব, আর্থিক জালিয়াতি, মাদক ও উগ্রবাদ দমনে আধুনিক সুবিধা সংবলিত ‘ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি’ স্থাপন করা হচ্ছে। পূর্বে বিভিন্ন ইউনিটে বিচ্ছিন্নভাবে পরিচালিত সাইবার তদন্তের সমন্বয়হীনতা দূর করে এখন থেকে একক আমব্রেলা বা সুসংগঠিত কাঠামোর অধীনেই দেশের সব সাইবার অপরাধের তদন্ত ও কার্যক্রম পরিচালিত হবে।
উদ্বোধনী সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।

