মহেশখালী-কুতুবদিয়ায় তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা যেমন জোরদার হবে, তেমনি বড় আকারের কার্গো আমদানির মাধ্যমে দীর্ঘমেয়াদে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, ‘‘বাংলাদেশের এখনো স্থলভিত্তিক এলএনজি সংরক্ষণাগার নেই। এ অবস্থায় ভাসমান সংরক্ষণাগারই দেশের জন্য গুরুত্বপূর্ণ বিকল্প।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে দেশগুলো নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এফএসআরইউ সংগ্রহের ওপর বিশেষ জোর দিচ্ছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে নতুন টার্মিনাল সংগ্রহের ক্ষেত্রে জাহাজটির বয়স ও সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।’’।
সরকারও সেই ধারাবাহিকতায় নতুন এই টার্মিনালটি সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।
বিদ্যমান দুটি টার্মিনালের তুলনায় নতুনটির সংরক্ষণ ক্ষমতা অনেক বেশি। বর্তমানে সচল টার্মিনাল দুটির প্রতিটির সক্ষমতা ১ লাখ ৩৮ হাজার ঘনমিটার, যেখানে নতুনটির সক্ষমতা ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার, যা বিদ্যমানগুলোর চেয়ে প্রায় ২৬ শতাংশ বেশি।
প্রকল্পের প্রাসঙ্গিকতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এলএনজি হলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, যা মাইনাস ১৬২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল করা হয়। এতে গ্যাসের আয়তন প্রায় ৬০০ গুণ কমে যাওয়ায় সহজে পরিবহন করা যায়। তিনি আরও জানান, নতুন এফএসআরইউটি ২০১৬ সালে নির্মিত। ২০০৮ সালে নির্মিত জাহাজ সংগ্রহের সুযোগ থাকলেও, অতীতে একটি এফএসআরইউ বিকল হওয়ার তিক্ত অভিজ্ঞতা থেকে এবার তুলনামূলক নতুন জাহাজকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘আগের এফএসআরইউ বিকল হওয়ার কারণে শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও গৃহস্থালি গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
তিনি জানান, নতুন এই টার্মিনালে চারটি রিগ্যাসিফিকেশন ইউনিট থাকবে, যার সম্মিলিত সক্ষমতা দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট। তবে এর কিছু ইউনিট স্ট্যান্ডবাই রেখে দৈনিক ৬০০ থেকে ৭৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি গ্যাসে রূপান্তর করা হবে। বর্তমানে দেশে থাকা দুটি টার্মিনালের প্রতিটির রিগ্যাসিফিকেশন সক্ষমতা দৈনিক ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ঘনফুট। অন্যদিকে, বর্তমানে দেশে থাকা দুটি টার্মিনাল ২০০৫ ও ২০০৬ সালে নির্মিত।
নতুন টার্মিনালে বড় আকারের এলএনজি জাহাজ নোঙর করার সুবিধা থাকবে। এতে প্রতি কার্গোতে প্রায় ১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার সাশ্রয় হতে পারে। বছরে ৫০টি কার্গো ও ২০ বছর মেয়াদি চুক্তির হিসাব করলে দীর্ঘমেয়াদে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে দুটি টার্মিনাল দিয়ে বছরে প্রায় ১১৫টি কার্গো গ্রহণ করা সম্ভব। নতুন টার্মিনাল চালু হলে জাহাজের বিরতি বাড়বে এবং ব্যবস্থাপনা সহজ হবে, যা অতিরিক্ত ডেমারেজ চার্জ থেকে দেশকে রক্ষা করবে। এর ফলে জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত এলএনজি মজুত রাখা, গ্যাস সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়ানো এবং বড় জাহাজে বেশি পরিমাণ এলএনজি আমদানির সুযোগ তৈরি হবে।’’। এতে প্রতি ইউনিট এলএনজিতে ৫ থেকে ১০ সেন্ট মার্কিন ডলার পর্যন্ত সাশ্রয় হতে পারে। বর্তমানে একটি জাহাজ থেকে এলএনজি খালাসের পর তিন থেকে চার দিনের মধ্যে আরেকটি জাহাজ আসতে হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো কারণে এলএনজি সরবরাহ বাধাগ্রস্ত হলে জাতীয় গ্রিডে গ্যাসের চাপ স্বাভাবিক করতে ২৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। বাড়তি সংরক্ষণ ক্ষমতার নতুন টার্মিনাল এই সংকট নিরসনে সহায়ক হবে। সবশেষে তিনি জোর দিয়ে বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার প্রতিটি পয়সার স্বচ্ছ হিসাব নিশ্চিত করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের অর্থের অপচয় রোধ ও সঠিক ব্যবহারের বিষয়ে বদ্ধপরিকর।

