দেশ আলাদা, ভাষা আলাদা, সংস্কৃতির রঙেও আছে ভিন্নতা। তবু স্বপ্নের ভাষা যেন সবার এক! কারও গল্প শূন্য থেকে শুরু করার, কারও গল্প প্রতিকূলতার দীর্ঘ পথ পেরিয়ে ঘুরে দাঁড়ানোর। কেউ নিজের মেধা আর পরিশ্রমে গড়েছেন সাফল্যের ঠিকানা, কেউ আবার অচেনা দেশে নতুন করে লিখেছেন জীবনের গল্প। ভিন্ন ভূখণ্ডের এমন অসংখ্য স্বপ্ন, সংগ্রাম আর অর্জনের গল্প এক সুতোয় গাঁথা হলো অস্ট্রেলিয়ার মেলবোর্নে।
১৪ নভেম্বর মেলবোর্নের ঐতিহ্যবাহী আর্টস সেন্টারে অনুষ্ঠিত হয় ‘Top 100 Global Multicultural Business Leaders of Victoria’। বিশ্বের ৩৩টি দেশের উদ্যোক্তা ও ব্যবসায়িক নেতাদের অংশগ্রহণে আয়োজিত এই আন্তর্জাতিক মিলনমেলায় একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে উপস্থিত ছিলেন উদ্যোক্তা, লেখক ও আন্তর্জাতিক মোটিভেশনাল স্পিকার হেমি হোসাইন।
এন্টারপ্রেনারস বিজনেস ক্লাবের আয়োজনে ষষ্ঠ বর্ষের এই অনুষ্ঠান ছিল বহুসাংস্কৃতিক ব্যবসায়িক নেতৃত্ব, সাফল্য ও অভিজ্ঞতা বিনিময়ের এক মিলনক্ষেত্র। ভিন্ন ভাষা, সংস্কৃতি ও পেশাগত অভিজ্ঞতার মানুষের উপস্থিতিতে মেলবোর্নের এই সন্ধ্যা হয়ে ওঠে স্বীকৃতি, পারস্পরিক যোগাযোগ এবং নতুন সম্ভাবনার এক আন্তর্জাতিক আয়োজন।
অনুষ্ঠানের শুরুতেই নিজের অনুপ্রেরণামূলক বক্তব্যে উদ্যোক্তা ও ব্যবসায়িক নেতাদের মুগ্ধ করেন হেমি হোসেন। নিজের বক্তব্যে ব্যবসাক্ষেত্রে সফলতা ও পারিস্পারিক সম্পর্কের কথা তুলে ধরেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় উদ্যোক্তা হেমি।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আয়োজক কবিতা ছাবরার উদ্যোগ ও নেতৃত্বের প্রশংসা করেন হেমি। ভৌগোলিক সীমানা পেরিয়ে বিভিন্ন দেশের মানুষ ও ব্যবসায়িক কমিউনিটিকে একত্র করার এই প্রচেষ্টাকে তিনি বিশেষ গুরুত্ব দেন।
কবিতা ছাবরার নেতৃত্বের প্রসঙ্গ তুলে ধরে হেমি হোসাইন বলেন, “কবিতার কাছে ভৌগোলিক সীমানা কোনো সীমাবদ্ধতা নয়; বরং মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ, নতুন ধারণা বিনিময় এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ।”
তিনি আরও বলেন, “কবিতার নেতৃত্বের যে গুণটি আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, তা হলো—তিনি সাফল্যকে শুধু ব্যক্তিগত অর্জন দিয়ে বিচার করেন না; বরং কত মানুষের মধ্যে সংযোগ তৈরি করছেন, কত কমিউনিটিকে একত্র করছেন এবং কত সম্পর্ক গড়ে তুলছেন, সেটিকেও গুরুত্ব দেন। একজন সিঙ্গেল মাদার হিসেবে ব্যক্তিগত জীবনের দায়িত্ব সামলানোর পাশাপাশি এত বড় আন্তর্জাতিক আয়োজনের নেতৃত্ব দেওয়া কবিতা ছাবরার পথচলার একটি উল্লেখযোগ্য দিক। তাঁর উদ্যোগে বিভিন্ন দেশের ব্যবসায়িক নেতৃত্বকে একই মঞ্চে নিয়ে আসার প্রচেষ্টা বহুসাংস্কৃতিক সমাজে পারস্পরিক সহযোগিতার গুরুত্বও তুলে ধরে।”
দীর্ঘদিনের এই আয়োজনের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথাও স্মরণ করেন হেমি হোসাইন। একই সঙ্গে এবারের অনুষ্ঠানে স্বীকৃতিপ্রাপ্ত ব্যবসায়িক নেতাদের অভিনন্দন জানান তিনি।
এ ছাড়া অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার শ্যাডো ট্রেজারার টিম উইলসন এবং ভিক্টোরিয়া রাজ্যের গ্লেন ওয়েভারলি আসনের লেবার পার্টির সংসদ সদস্য জন মুলাহির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন বাংলাদেশি বংশোদ্ভূত এই অস্ট্রেলীয় উদ্যোক্তা। এ সময় তাঁদের সঙ্গে নিজের ব্যবসায়িক ভাবনা, উদ্যোক্তা হিসেবে অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তিনি।
বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় এসে নিজের ব্যবসায়িক পরিচয় গড়ে তুলেছেন হেমি হোসাইন। আন্তর্জাতিক বক্তা, ব্যবসায়িক পরামর্শক এবং বিখ্যাত বই ‘Fire Your Boss’ এর লেখক হিসেবে পরিচিত তিনি। উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায়িক চিন্তাধারা এবং নেতৃত্বের দক্ষতা বিকাশ নিয়ে কাজ করছেন দীর্ঘদিন। নতুন উদ্যোক্তাদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং তাঁদের এগিয়ে যেতে উৎসাহিত করা তাঁর পেশাগত কাজের অন্যতম ক্ষেত্র।
৩৩টি দেশের ব্যবসায়িক প্রতিনিধিদের এই সমাবেশে তাঁর অংশগ্রহণ বাংলাদেশের উদ্যোক্তা পরিচয়কেও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরে। একই সঙ্গে কবিতা ছাবরার নেতৃত্ব নিয়ে তাঁর বক্তব্যে উঠে আসে সাফল্যের একটি ভিন্ন দর্শন—যেখানে ব্যক্তিগত অর্জনের পাশাপাশি মানুষে মানুষে সম্পর্ক তৈরি এবং বিভিন্ন কমিউনিটিকে কাছাকাছি নিয়ে আসাও গুরুত্বপূর্ণ।
এবারের গালায় বিভিন্ন দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অর্জনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি গুরুত্ব পায় ব্যবসায়িক যোগাযোগ, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা। বহুসাংস্কৃতিক ব্যবসায়িক নেতৃত্বকে এক মঞ্চে নিয়ে আসার এই আয়োজনের উদ্দেশ্য শুধু সফল মানুষদের পরিচিত করিয়ে দেওয়া নয়, তাঁদের অভিজ্ঞতা ও পারস্পরিক যোগাযোগের মধ্য দিয়ে নতুন সম্ভাবনার ক্ষেত্র তৈরি করা।
অভিবাসীদের দেশ অস্ট্রেলিয়া। এখানে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা মানুষ শুধু নিজেদের ভাষা আর সংস্কৃতিই বহন করেন না, সঙ্গে নিয়ে আসেন নতুন কিছু গড়ে তোলার স্বপ্ন। সেই স্বপ্ন কখনো ছোট একটি উদ্যোগের মধ্য দিয়ে যাত্রা শুরু করে, কখনো সময়ের সঙ্গে রূপ নেয় বড় প্রতিষ্ঠানে। প্রতিটি অর্জনের আড়ালেই থাকে সিদ্ধান্ত, পরিশ্রম আর অদৃশ্য সংগ্রামের দীর্ঘ ইতিহাস।
কবিতা ছাবরার উদ্যোগ এবং হেমি হোসাইনের বক্তব্য সেই বৃহত্তর বাস্তবতার দুটি দিক সামনে আনে। একদিকে ভিন্ন সংস্কৃতির মানুষকে একই মঞ্চে নিয়ে আসার প্রয়াস, অন্যদিকে সেই প্রচেষ্টার মধ্য দিয়ে আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরা।
মেলবোর্নের এই সন্ধ্যায় ৩৩টি দেশের মানুষের ভিন্ন ভিন্ন পথচলা মিলেছে এক অভিন্ন স্বপ্নে। আর সেই আন্তর্জাতিক পরিসরে একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় উদ্যোক্তা হিসেবে হেমি হোসাইনের অংশগ্রহণ যুক্ত করেছে বাংলাদেশের একটি পরিচয়।

