বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অর্থায়নের পথ সুগম করল যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি)। এখন থেকে বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে সংস্থাটির বিনিয়োগ সুবিধা পাওয়া যাবে। সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
সংস্থাটির তথ্য অনুযায়ী, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বিশাল চাহিদা পূরণে এবং বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে এই সিদ্ধান্তটি বড় ভূমিকা রাখবে। ডিএফসির অর্থায়ন ও বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি হ্রাস করার বিশেষ সুবিধার ফলে যেসব প্রকল্প বর্তমানে মূলধনের অভাব বা ঝুঁকির কারণে থমকে আছে, সেগুলো দ্রুত বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, নতুন কর্মসংস্থান তৈরি এবং সেবার মান উন্নয়নে বড় ধরনের সম্ভাবনা দেখছে সংস্থাটি।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক জানিয়েছেন, অর্থায়নের যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী হবে। এর ফলে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি অর্জনে সহায়ক বেসরকারি বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়তা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এতে সুরক্ষিত হবে বলে তিনি মনে করেন।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, উন্মুক্ত অর্থনীতি এবং পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণই বাংলাদেশের প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার রয়েছে এবং ডিএফসির অর্থায়ন এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর অবস্থান এবং সেখানে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়ানোই এখন সংস্থার অন্যতম প্রধান লক্ষ্য। এর মাধ্যমে দুই দেশের পারস্পরিক সমৃদ্ধি আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

