সরকার বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, সিলেট অঞ্চলের মানুষের বিদেশে যাওয়ার ঝোঁক বেশি, তবে শুধু বিদেশে লোক পাঠালেই চলবে না, তাদের দক্ষ ও ভাষা-শিক্ষায় পারদর্শী হতে হবে। বিদেশগামীদের দক্ষতা বাড়াতে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনী এলাকায় পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কথা জানান তিনি। এসব কেন্দ্রে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী নিশ্চিত করার পাশাপাশি ইংরেজি, আরবি, জাপানিজ, চাইনিজ ও কোরিয়ান ভাষা শিখে বৈধ পথে বিদেশে যাওয়ার ওপর জোর দেন মন্ত্রী।
সাগরপথে মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, ভূমধ্যসাগরে প্রাণ হারানো অভিবাসীদের বিষয়ে জড়িত দালাল চক্রের বিস্তারিত তথ্য আগামী সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর জন্য সিলেটের ডিআইজি ও সুনামগঞ্জের এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে। মানবপাচারকারীরা বিদেশে অবস্থান করলেও সংশ্লিষ্ট দেশের সাথে যোগাযোগ করে তাদের ফেরত এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান তিনি। এ ছাড়া অবৈধ পথ বন্ধ করতে মসজিদ, মন্দিরসহ তৃণমূল পর্যায়ে ব্যাপক সচেতনতামূলক প্রচার চালানোর তাগিদ দেন তিনি।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

