যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার ডেলিভারি দেওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে মো. মাহফুজুল হক (৪৩) নামের এক বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন। গত মঙ্গলবার (৮ জুলাই) রাতে কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে খাবার ডেলিভারি দিতে গিয়ে তিনি হামলার শিকার হন। ঘটনাস্থলে পুলিশ তাকে নিজের গাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে, যে সময় গাড়িটির ইঞ্জিন চালু ছিল।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মাহফুজুল হকের মাথার পেছনে গুলির আঘাতের চিহ্ন ছিল। দ্রুত তাকে পেন প্রেসবিটেরিয়ান মেডিকেল সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, ডোরড্যাশের ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের গুলির দুটি খোসা উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে ফিলাডেলফিয়া পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
নিহত মাহফুজুল হকের গ্রামের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায়। তিনি যুক্তরাষ্ট্রের নর্থইস্ট ফিলাডেলফিয়ায় সপরিবারে বসবাস করতেন এবং এর আগে আল-শাম উইলো গ্রোভে কর্মরত ছিলেন। তার পরিবারে স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তান রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পেনসিলভানিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

