সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ কথা জানান। তিনি স্পষ্ট করে বলেন, ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের বাইরে বসে কোনো দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য বিবেচ্য বিষয় নয়। স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতাকর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন। অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকার কাজ করছে এবং এ সংক্রান্ত ভারতের বিচারিক ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সভায় ‘মক্কা প্যাক্ট’ বা প্রতিরক্ষামূলক সাময়িক জোটে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কোনো নতুন ফোরাম বা গ্রুপে যুক্ত হওয়ার আগে বাংলাদেশ তার নিজস্ব পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। দেশের মানুষের স্বার্থ এবং জাতীয় উপযোগিতা বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং উপযুক্ত সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত জানাবে।
মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা এবং পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।

