বিদ্যমান জ্বালানি সংকট নিরসন এবং বৈশ্বিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশীয় সিরামিক পণ্যের মানোন্নয়নে চীনা প্রযুক্তি ও বৈচিত্র্যময় আধুনিক উদ্ভাবন ব্যবহারের ওপর জোর দিয়েছেন খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা। প্রযুক্তি স্থানান্তর, কারিগরি সহায়তা এবং নতুন যৌথ বিনিয়োগের মাধ্যমেই এ খাতের বড় সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব বলে মনে করেন তাঁরা।
গতকাল শনিবার (০৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘চীন-বাংলাদেশ সিরামিকস বার্ষিক সম্মেলন ২০২৬’-এ বক্তারা এসব কথা বলেন। যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) এবং চীনের ফোশান ইউনিসিরামিকস এক্সপো। এ বছর সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘এমপাওয়ারিং টেকনোলজি, উইনিং টুমোরো টুগেদার’।
জ্বালানি সংকট ও আধুনিক প্রযুক্তির বিকল্প
সম্মেলনের প্রধান অতিথি ও বিসিএমইএর সভাপতি ময়নুল ইসলাম বলেন, দেশে সিরামিক কারখানার প্রধান চ্যালেন্জ এখন নিরবচ্ছিন্ন গ্যাস ও জ্বালানি সরবরাহ। এ সংকট কাটিয়ে উঠতে আমাদের চীনা জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তি গ্রহণ করতে হবে। হাইড্রোজেন-ভিত্তিক হিটিং প্রযুক্তি এবং বৈদ্যুতিক চুল্লি (ইলেকট্রিক কিল্ন)-এর মতো পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন খরচ অনেক কমানো সম্ভব।
বিসিএমইএর সাধারণ সম্পাদক এরফান উদ্দিন বলেন, আধুনিক শিল্পজগতে কোনো খাত একা এগিয়ে যেতে পারে না। আন্তর্জাতিক বাজারের সঙ্গে প্রতিযোগিতা বজায় রাখতে প্রযুক্তিগত মেলবন্ধন এবং প্রযুক্তি স্থানান্তর এখন সময়ের দাবি।
বিশাল সম্ভাবনাময় বাংলাদেশ
অনুষ্ঠানে চীনা প্রতিনিধি ইভা চ্যান জানান, বাংলাদেশে বর্তমানে মাথাপিছু সিরামিকের ব্যবহার মাত্র ১ বর্গমিটার, যেখানে চীনে এটি সর্বোচ্চ ৬ দশমিক ৯ বর্গমিটারে পৌঁছেছিল। ব্যবধান বড় হওয়ায় বাংলাদেশে ভবিষ্যৎ বাজার সম্প্রসারণের সুযোগ অনেক বেশি। তবে দেশীয় উৎপাদকদের এখন কেবল মূল্য ছাড়ের প্রতিযোগিতা থেকে বেরিয়ে আন্তর্জাতিক মানের ডিজাইন ও ব্র্যান্ডিংয়ে নজর দেওয়া জরুরি।
বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম এবং বিসিএমইএর সিনিয়র সহসভাপতি মো. মামুনুর রশিদ জানান, পোশাক খাতের পর সিরামিক এখন অন্যতম সম্ভাবনাময় শিল্প। বাংলাদেশেই এখন বিশ্বমানের টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারিওয়্যার তৈরি হচ্ছে এবং তা ইউরোপ, উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যে নিয়মিত রপ্তানি করা হচ্ছে।
কারিগরি অধিবেশন ও অংশগ্রহণ
সম্মেলনের দ্বিতীয় পর্বে ‘প্রযুক্তি, উদ্ভাবন ও বাংলাদেশ বাজারের সম্ভাবনা’ শীর্ষক একটি কারিগরি সেশন অনুষ্ঠিত হয়। বিসিএমইএর সহসভাপতি রশীদ ময়মুনুল ইসলামের সভাপতিত্বে এতে আকিজ সিরামিকসের প্রতিনিধি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
আলোচনায় অংশ নেন আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের সিইও মোহাম্মদ খোরশেদ আলম, গুয়াংডং ডিংহে সুপারহার্ড টুলসের এক্সপোর্ট ম্যানেজার জর্জ ইয়াং এবং অন্যান্য চীনা প্রযুক্তি বিশেষজ্ঞগণ। বিসিএমইএর সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম, পরিচালক মো. জিয়াউল হক, উপদেষ্টা সাকিফ আরিফ তাবারীসহ দেশি-বিদেশি প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চীনা প্রতিনিধি দলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

