বুকভরা স্বপ্ন নিয়ে উচ্চশিক্ষার উদ্দেশ্যে রাশিয়া পাড়ি জমিয়েছিলেন তরুণ সুফী অনিক (২৭)। তবে দীর্ঘ পথচলা শেষে সেই স্বপ্ন ডানা মেলেনি, পরিবারে ফিরেছেন কফিনবন্দী লাশ হয়ে। রাশিয়ায় একটি ভবন থেকে রহস্যজনকভাবে নিচে পড়ে নিহত হওয়ার দীর্ঘ এক মাস ১২ দিন পর অবশেষে তাঁর মরদেহ নিজ গ্রামে পৌঁছেছে।
আজ রোববার (২ আগস্ট) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের সওড়াতলা এলাকায় অনিকের নিজ বাড়িতে মরদেহ আনা হলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। একমাত্র সন্তানকে হারিয়ে মা-বাবার আহাজারি ও স্বজনদের কান্নায় পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।
নিহত অনিক সওড়াতলা গ্রামের কৃষক মানোয়ার বিশ্বাসের ছেলে। তিনি রাশিয়ার চেলিয়াবিনস্কে অবস্থিত সাউথ ইউরাল স্টেট ইউনিভার্সিটিতে উচ্চতর ডিগ্রির জন্য অধ্যায়নরত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, কুষ্টিয়া সরকারি কলেজ থেকে সফলতার সঙ্গে স্নাতক শেষ করার পর প্রায় আড়াই বছর আগে স্কলারশিপ নিয়ে রাশিয়া যান মেধাবী এই শিক্ষার্থী। তবে গত ২১ জুন বিশ্ববিদ্যালয় ভবনের ছাদ থেকে রহস্যজনকভাবে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর জটিল রাষ্ট্রীয় ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে লেগে যায় দেড় মাসেরও বেশি সময়।
অনিকের চাচা মুফতি আলী হোসেন ফারুকী বলেন, অনিক ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও নম্র স্বভাবের ছিলেন। তবে ঠিক কীভাবে তাঁর ভাতিজা ভবন থেকে নিচে পড়ে মারা গেলেন, তা পরিবারের কাছে এখনো স্পষ্ট নয়। এই অকালমৃত্যুর প্রকৃত কারণ জানার আকুতি স্বজনদের।

