বিএনপি সরকারের মন্ত্রিসভায় নতুন চারজন সংসদ সদস্য অন্তর্ভুক্ত হচ্ছেন। নতুন সদস্য যুক্ত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি মন্ত্রণালয়ে পুনর্বণ্টনের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুনদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
একই সাথে মন্ত্রিসভার বেশ কিছু পদে রদবদলের আলোচনা চলছে। এর মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে, এই মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) খাদ্য অথবা কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে স্থানান্তর করার আলোচনা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়েও পরিবর্তনের আভা দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। বর্তমানে এই পদে থাকা শামা ওবায়েদ ইসলাম স্বপদে বহাল থাকবেন বলে জানা গেছে।
এদিকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আন্দালিব রহমান পার্থকে দিলে বর্তমান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির শপথ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই বঙ্গভবনেই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ানো হবে।
নবাগত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বঙ্গভবনে নিয়ে যাওয়ার সুবিধার্থে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইতোমধ্যে ছয়টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

