বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল’-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল স্বাক্ষরিত এক চিঠিতে এই মনোনয়নের সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, ত্যাগ এবং নেতৃত্বের প্রতি আস্থা রেখে মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে সর্বসম্মতিক্রমে দায়িত্ব প্রদান করা হলো।
সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, নিষ্ঠা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে তিনি কেন্দ্রের দিকনির্দেশনা মেনে এবং নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে দলের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, নতুন দায়িত্ব পাওয়া মোহাম্মদ সাখাওয়াত হোসেন বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট (সাউথ) বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

