তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে দেশটিতে সফর করছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আগামী বুধবার (৭ অক্টোবর) সকালে তিনি এই সম্মেলনে অংশ নেওয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। চার দিনের এই সফর শেষে তার আগামী ১১ অক্টোবর সকালে দেশে ফেরার কথা রয়েছে।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’। ইস্তাম্বুল ইউনিভার্সিটি ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে এই আন্তর্জাতিক সম্মেলনটির আয়োজন করেছে। সম্মেলনে বাংলাদেশ ও তুরস্ক ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
তুরস্ক সফর শেষে ডা. শফিকুর রহমানের সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন বলে জানা গেছে।

