সৌদি আরবের রিয়াদে সোফা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর জানাজা একযোগে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে হাজারো মানুষের অংশগ্রহণে একই মাঠে সাত জনের জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে স্বজনদের কান্না আর করুণ দৃশ্য দেখে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সৌদির মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ দেশে পৌঁছায়। তার মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার সাত জনের লাশ প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে রাত সাড়ে ১২টার দিকে গ্রামের বাড়িরে এসে পৌঁছায়।
নওগাঁর আত্রাই উপজেলার নিহত সাত প্রবাসী হলেন— উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামানিক, একই গ্রামের মোহন আলী, সুমন আলী ও কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার।
জানাজায় নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হলে তারা কান্নাভেজা চোখে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করেন। এ সময় স্থানীয় এমপি জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও তাদের পাশে সরকার থাকবে। অগ্নিকাণ্ডে বাকি নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

