আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার বেড়ে ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এর ফলে জিডিপির আকারের দিক থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডকে পেছনে ফেলে বাংলাদেশ আঞ্চলিক পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে।
কানাডাভিত্তিক প্রখ্যাত অর্থনৈতিক সংবাদমাধ্যম ‘ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট’-এর ‘দ্য ১৫০ ট্রিলিয়ন ডলার গ্লোবাল ইকোনমি ইন ২০৩০’ শীর্ষক এক বিশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
আইএমএফের জিডিপি প্রক্ষেপণ (২০৩০)
-
বাংলাদেশ: ৬৭৭ বিলিয়ন ডলার
-
মালয়েশিয়া: ৬৭২.৫ বিলিয়ন ডলার
-
ভিয়েতনামী অর্থনীতি: ৬৬৭.৫ বিলিয়ন ডলার
-
থাইল্যান্ড: ৬৪৭.৫ বিলিয়ন ডলার
-
ডেনমার্ক: ৫৮৯.২ বিলিয়ন ডলার
বৈশ্বিক অর্থনীতির চিত্র
আইএমএফ জানিয়েছে, আগামী পাঁচ বছরে (২০২৬-৩০) বৈশ্বিক অর্থনীতির আকার প্রায় ২৫ ট্রিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে মোট ১৫০ ট্রিলিয়ন ডলার ছাড়াবে।
২০৩০ সালেও ৩৭.৭ ট্রিলিয়ন ডলারের বিশাল অর্থনীতি নিয়ে শীর্ষস্থান ধরে রাখবে যুক্তরাষ্ট্র এবং ২৬ ট্রিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় স্থানে থাকবে চীন। অন্যদিকে তৃতীয় স্থান দখলের লড়াইয়ে জার্মানি (৬,১৭৮ বিলিয়ন ডলার) ও ভারত (৬,১৭৩ বিলিয়ন ডলার) এই দুই দেশের মধ্যে অর্থনৈতিক ব্যবধান মাত্র ৫ বিলিয়ন ডলারে নেমে আসবে। আইএমএফের তালিকায় সেরা ১০ দেশের বাকি স্থানগুলোতে থাকবে যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, ব্রাজিল, ইতালি ও কানাডা।

