বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি পুনরায় চালু করতে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নতুন তিনটি প্রধান শর্ত তুলে ধরতে যাচ্ছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি উত্তেজনা নিরসন ও যুক্তরাষ্ট্র-ইরান নতুন আলোচনার পথ তৈরিতে কাতার, ওমান ও পাকিস্তানের প্রতিনিধি দল তেহরান সফর করে। মধ্যস্থতাকারীদের কাছে ইরান স্পষ্ট জানিয়েছে, জলপথটি পুনরায় উন্মুক্ত করতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে তিনটি শর্ত মেনে নিতে হবে:
-
বন্দর থেকে অবরোধ প্রত্যাহার: ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত সমস্ত অবরোধ তুলে নেওয়া।
-
যুদ্ধের ক্ষতিপূরণ: সম্প্রতি যুদ্ধের কারণে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ প্রদান করা।
-
অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাতিল: ইরানের অর্থনীতির ওপর চাপিয়ে দেওয়া যাবতীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।
সাময়িকভাবে বাণিজ্যিক জাহাজ চলাচলের একটি বিকল্প পথ তৈরি এবং জলপথে থাকা মাইন সরানোর যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হলেও তেহরান তাদের শর্তে অটল রয়েছে।
অন্যদিকে, ইরানের এই অবস্থানকে একপ্রকার নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি ইতোমধ্যেই উন্মুক্ত রয়েছে এবং সেখান দিয়ে নিয়মিত জ্বালানিবাহী জাহাজ চলাচল করছে। সেই সঙ্গে ইরানের সঙ্গে নতুন করে সংলাপে বসতে ওয়াশিংটনের কোনো তাড়াহুড়ো নেই জানিয়ে তেহরানের ওপর মার্কিন কঠোর অর্থনৈতিক অবরোধ বহাল রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

