মাদকমুক্ত সমাজ গঠন ও শিক্ষার মান উন্নয়নে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি। আমাদের ভাবমূর্তি ও তরুণদের মেধা ধ্বংসের চক্রান্ত প্রতিরোধে মাদকের বিরুদ্ধে ছাত্র ও তরুণ সমাজকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আজ শনিবার (২৯ আগস্ট) লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর সোসাইটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ৪ শতাধিক কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর শিক্ষ খাতকে অগ্রাধিকার দিয়ে নানা পদক্ষেপ নিয়েছে। তিনি জানান, অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের পেনশন জটিলতা নিরসন করা হয়েছে এবং নারী শিক্ষাকে উৎসাহিত করতে মেয়েদের স্নাতক পর্যন্ত অবৈতনিক করা হয়েছে।
লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ইউসুফ।

