স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে বাণিজ্যিক চুক্তি না করলে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর কোটি কোটি ডলার কর আরোপের আইন পাস করেছে অস্ট্রেলিয়া। এসব প্রতিষ্ঠানের প্ল্যাটফর্মে স্থানীয় সংবাদ প্রকাশের বিনিময়ে তাদের এই বিপুল পরিমাণ অর্থ গুণতে হবে।
গতকাল বৃহস্পতিবার পাস হওয়া ‘নিউজ বার্গেইনিং ইনসেনটিভ’ নামের এই ব্যবস্থার আওতায় গুগল, মেটা (ফেসবুক), টিকটক ও লিংকডইনের মতো প্রতিষ্ঠানগুলো যদি স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে না পৌঁছায়, তবে তাদের বিজ্ঞাপন আয়ের ২.৫ শতাংশ কর হিসেবে দিতে হবে। প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোতে সংবাদ প্রকাশ করে ব্যবহারকারীদের আকৃষ্ট করার মাধ্যমে অর্জিত বিজ্ঞাপন আয়ের একটি অংশ কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আদায় করা অর্থ সরাসরি স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর উন্নয়নে দেওয়া হবে।
অস্ট্রেলিয়ায় বার্ষিক অন্তত ২৫ কোটি অস্ট্রেলীয় ডলার (প্রায় ১৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার) বিজ্ঞাপন আয় করা সামাজিক যোগাযোগমাধ্যম ও সার্চ ইঞ্জিন কোম্পানিগুলো এই করের আওতায় পড়বে।
তবে প্ল্যাটফর্মগুলোকে কর ছাড়ের সুযোগও দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান যদি তাদের নির্দিষ্ট হিসাব-বছরের শেষ হওয়ার আগেই অন্তত ৮টি পৃথক স্থানীয় সংবাদ প্রকাশকের সঙ্গে বাণিজ্যিক চুক্তি সম্পন্ন করে, তবে তারা এই কর এড়াতে পারবে। বড় প্রকাশকদের সঙ্গে চুক্তির ক্ষেত্রে ১৫০ শতাংশ এবং ছোট ও মাঝারি মাধ্যমের সঙ্গে চুক্তির ক্ষেত্রে ২০০ শতাংশ পর্যন্ত কর রেয়াতের সুযোগ রাখা হয়েছে।
অস্ট্রেলিয়া সরকার এক বিবৃতিতে জানায়, “আইনটি এখন কার্যকর হয়েছে এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর কাছে বাণিজ্যিকভাবে চুক্তিবদ্ধ হওয়ার বার্তাও অত্যন্ত পরিষ্কার। অস্ট্রেলীয় সাংবাদিকতা ও সংবাদ ব্যবসার জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন।”

