যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পদায়ন ও বদলি সংক্রান্ত অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা একটি অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামী বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি দুদকে দায়ের করা অভিযোগ এবং দুদকের মুখপাত্রের বক্তব্যে আসিফ মাহমুদকে জড়িয়ে যেসব মন্তব্য করা হয়েছে, সেগুলোর প্রকৃত তথ্য, নথিপত্র ও ঘটনার ধারাবাহিকতা সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়েছে, দুদকের মুখপাত্রের বক্তব্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসিফ মাহমুদকে জড়ানো হয়েছে এবং সেখানে মিথ্যাচার করা হয়েছে। এসব বক্তব্যের বাস্তবতা তথ্য ও নথিপত্রের ভিত্তিতে জনসমক্ষে স্পষ্ট করতেই এই আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ একটি বিস্তারিত প্রেজেন্টেশনের মাধ্যমে অভিযোগগুলোর প্রেক্ষাপট, সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া এবং সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা ব্যাখ্যা করবেন। একই সঙ্গে দুদকের মুখপাত্রের বক্তব্যের বিপরীতে প্রকৃত সত্য ও নথিপত্র উপস্থাপন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

