বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির নতুন দাম নির্ধারণ করলেও বাস্তবে তার কোনো তোয়াক্কাই হচ্ছে না খুচরা বাজারে। সরকারি হিসাবে চলতি সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা হলেও ভোক্তাদের তা কিনতে হচ্ছে সর্বোচ্চ ২ হাজার ১৫০ টাকায়। অর্থাৎ সরকারি রেটের চেয়ে সাধারণ মানুষকে অতিরিক্ত গুনতে হচ্ছে প্রায় ৫৬৫ টাকা।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে বিইআরসি চার দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়িয়েছে এবং চার দফায় কমিয়েছে। জানুয়ারিতে ১ হাজার ৩০৬ টাকা দিয়ে বছর শুরু হওয়ার পর এপ্রিলে তা এক লাফে বেড়ে দাঁড়ায় সর্বোচ্চ ১ হাজার ৯৪০ টাকায়। নানা ওঠানামা শেষে চলতি মাসে তা ১ হাজার ৫৮৫ টাকায় নামিয়ে আনা হলেও বাজারের চিত্র সম্পূর্ণ ভিন্ন।
সাধারণ ভোক্তাদের অভিযোগ, সরকার যে দামই বেঁধে দিক না কেন, সেই দামে কোনোদিনই বাজারে গ্যাস মেলেনি। রামপুরা ও শান্তিনগর এলাকার একাধিক বাসিন্দা জানান, গ্যাস সংকটের কারণে বাধ্য হয়ে এলপিজি ব্যবহার করলেও সবসময় ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দিয়েই সিলিন্ডার কিনতে হচ্ছে। বিক্রেতারা নিজেদের ইচ্ছেমতো অজুহাত দেখিয়ে বেশি দাম নিচ্ছেন এবং সাধারণ মানুষকে জিম্মি করে ব্যবসা করছেন।
খুচরা ও পাইকারি বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় পরিবেশকদের কাছ থেকে তারা পর্যাপ্ত সিলিন্ডার পাচ্ছেন না। ৫০০ সিলিন্ডারের অর্ডার দিলে দেওয়া হচ্ছে মাত্র ২৫০টি, তা-ও আবার অপেক্ষায় থাকতে হচ্ছে অন্তত এক সপ্তাহ। পাশাপাশি আমদানিকারকরা জানান, এলপিজি আমদানিতে জাহাজ ভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম অস্বাভাবিক হারে বেড়েছে। সেপ্টেম্বরের জন্য বিইআরসি টনপ্রতি প্রিমিয়াম ১৬০ ডলার ধরে দর নির্ধারণ করলেও বাস্তবে আন্তর্জাতিক বাজারে তা এখন বেড়ে ৩০০ ডলারে ঠেকেছে। অতিরিক্ত এই খরচ খুচরা মূল্যে সমন্বয় করতে না পারায় নতুন চালান আমদানিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে, যার প্রভাব পড়ছে সরবরাহে।
তবে বাজারে এলপিজির কোনো সংকট নেই বলে স্পষ্ট জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি জানান, দেশে মাসে ১ লাখ ১০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার টন এলপিজির বিপরীতে আগস্টে ১ লাখ ৫৭ হাজার টন এবং সেপ্টেম্বরে এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার টন এলপিজি এসেছে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির বিষয়ে বিইআরসি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান চালিয়ে তদারকি করছে বলেও তিনি জানান।

