প্রাথমিক থেকে উচ্চশিক্ষা—শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে আধুনিকায়ন, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের উপযোগী সুদূরপ্রসারী পরিবর্তনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে নীতি-পরিকল্পনা ও পারস্পরিক সহযোগিতা বিষয়ে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।
বৈঠকে সরকারের সাম্প্রতিক নির্বাচনি ইশতেহারের আলোকেই বিশ্ব ব্যাংকের কারিগরি ও নীতি সহায়তায় শিক্ষা খাতের এসব অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে কথা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক শিক্ষায় পুষ্টি ও উপস্থিতি বাড়াতে ‘মিড-ডে মিল’ চালু, বিনামূল্যে পোশাক ও স্কুল ব্যাগ বিতরণসহ চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে নতুন দুটি বই সংযোজন এবং ষষ্ঠ শ্রেণি থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শিক্ষাক্রম চালুর বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে আন্তর্জাতিক আধুনিকায়ন বজায় রাখতে বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা চালুর পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে আধুনিক পরীক্ষাগার, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ও বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া উপজেলা পর্যায়ে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও বাধ্যতামূলক কারিগরি ল্যাব চালুর ওপর জোর দেওয়া হয়েছে।
উচ্চশিক্ষার প্রসারে ছাত্রীদের জন্য স্নাতকোত্তর পর্যায় এবং ছাত্রদের জন্য মাধ্যমিক ও সমমান পর্যন্ত বিনামূল্যে শিক্ষা বাস্তবায়নের পথরেখা নিয়ে আলোচনায় কথা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা, উদ্ভাবন ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা, ক্যারিয়ার কাউন্সেলিং অফিস স্থাপন এবং বিদেশে উচ্চশিক্ষায় গমনেচ্ছুদের জন্য ‘শিক্ষার্থী ঋণ কর্মসূচি’ চালুর বিষয়েও বিশ্ব ব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে।
শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সরাসরি যোগসূত্র তৈরি করতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (NSDA) সক্ষমতা বৃদ্ধি, ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক’ দ্রুত বাস্তবায়ন এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর বিষয়ে আলোকপাত করা হয়।
বৈঠকে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর জিন পেসম, দক্ষিণ এশিয়া অঞ্চলের শিক্ষা ও দক্ষতা গ্লোবাল প্র্যাকটিসের প্র্যাকটিস ম্যানেজার শেরেজাদ মোনামি লতিফ, অপারেশনস ম্যানেজার ড. গেইল এইচ মার্টিন এবং জ্যেষ্ঠ শিক্ষা বিশেষজ্ঞগণ। উভয়েই দেশের শিক্ষা খাতকে আগামী দিনের উপযোগী করে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী যৌথ সহযোগিতা বজায় রাখার অঙ্গীকার প্রকাশ করেন।

