দুবাই থেকে ইসরায়েলের তেলআবিবগামী ‘ফ্লাইদুবাই’-এর একটি যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন হাতাহাতি ও সংঘাতের ঘটনা ঘটেছে। মাঝআকাশে চলা এই সংঘর্ষের এক পর্যায়ে উড়োজাহাজটি মাত্র দুই মিনিটের মধ্যে প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে আসে। পরবর্তীতে নাটকীয় পরিস্থিতিতে গতিপথ পরিবর্তন করে উড়োজাহাজটিকে সৌদি আরবের উত্তর-পূর্বাঞ্চলের তাবুক বিমানবন্দরে (প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ বিমানবন্দর) জরুরি অবতরণ করানো হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১৫০ জন আরোহী নিয়ে তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় ফ্লাইদুবাইয়ের ‘এফজেড ১০৭৩’ ফ্লাইটটি। ফ্লাইট-পর্যবেক্ষণ ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্যানুযায়ী, যাত্রার প্রায় দুই ঘণ্টা পর উড়োজাহাজটি ৩৪ হাজার ফুট উঁচুতে অবস্থানকালে হুট করেই দ্রুত নিচে নামতে শুরু করে। একই সময়ে ককপিট থেকে প্রথমে সাধারণ জরুরি সংকেত এবং পরবর্তীতে বেআইনি হস্তক্ষেপ ও অপহরণের বিপদসংকেত পাঠানো হয়।
উড়োজাহাজে থাকা ভুক্তভোগী যাত্রীদের বরাতে জানা যায়, ককপিটে থাকা এক পাইলট অপর পাইলটকে হঠাৎ ছুরি দিয়ে আঘাত করেন এবং উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা চালান। চরম আতঙ্ক ছড়িয়ে পড়লে কেবিন ক্রু ও কয়েজন ইসরায়েলি যাত্রী দ্রুত ককপিটে ঢুকে হামলাকারীকে কাবু করে শক্ত করে বেঁধে ফেলেন। বিমানে যাত্রী হিসেবে থাকা সাধারণ পোশাকে সফররত অপর দুই পাইলট তাৎক্ষণিকভাবে ককপিটের নিয়ন্ত্রণ নেন। অন্যদিকে গুরুতর আহত প্রধান পাইলটকে বিমানে থাকা এক দন্তচিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রাণরক্ষা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ইসরায়েল জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। সাময়িকভাবে দেশটির আকাশসীমা বন্ধ রাখা হয় এবং যুদ্ধবিমান প্রস্তুত করা হয়। পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং সেনাপ্রধান ইমিয়্যাল জামির জরুরি বৈঠকে বসেন। সার্বিক পরিস্থিতির কারণে সেনাপ্রধানের পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র সফর স্থগিত করা হয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং সৌদি আরবে থাকা নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে ফ্লাইদুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিমানটি সৌদি আরবে নিরাপদে অবতরণ করেছে। আহত দুই পাইলটকেই স্থানীয় হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

