ফেনী থেকে পরশুরাম যাওয়ার পথে এক আবেগঘন ও মানবিক মুহূর্তের সাক্ষী হলেন স্থানীয় সাধারণ মানুষ। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক প্রবীণের হাতের ইশারা দেখে হঠাৎ নিজের গাড়িবহর থামান প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়ি থেকে নেমে কাছে ডেকে নেওয়ার পর প্রবীণ ওই ব্যক্তি পরম স্নেহে প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে দীর্ঘায়ু কামনায় দোয়া করেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে সফরকালে আনুষ্ঠানিকতার বাইরে এই অনন্য ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহর পরশুরামের দিকে যাওয়ার সময় এক প্রবীণ ব্যক্তি হাতে ফুল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তার ইশারা চোখ এড়ায়নি প্রধানমন্ত্রীর। গাড়ি থামিয়ে তারেক রহমান নিজে এগিয়ে গিয়ে প্রবীণ ব্যক্তির বাড়িয়ে দেওয়া শুভেচ্ছা ফুল গ্রহণ করেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাঁর কুশল বিনিময় করেন।
কথোপকথনের একপর্যায়ে প্রবীণ ব্যক্তি আবেগাপ্লুত হয়ে প্রিয় নেতার মাথায় হাত রেখে স্নেহভরে হাত বুলিয়ে দেন এবং উচ্চস্বরে দোয়া করেন—”আল্লাহ প্রধানমন্ত্রীকে দীর্ঘ হায়াত দান করুক।” দুই প্রজন্মের এই ভালোবাসার দৃশ্য দেখে উপস্থিত উৎসুক জনতাও আবেগাপ্লুত হয়ে পড়েন। দূর-দূরান্ত থেকে অনেকে মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করে রাখেন।
স্থানীয় অধিবাসীদের মতে, রাজনীতির তোড়জোড় ও রাষ্ট্রীয় প্রটোকল পেরিয়ে একজন প্রবীণ নাগরিকের প্রতি রাষ্ট্রপ্রধানের এমন সহমর্মিতা ও শ্রদ্ধা সাধারণ মানুষের মনে গভীর ইতিবাচক প্রভাব ফেলেছে।
উল্লেখ্য, দিনব্যাপী ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ পুনর্বাসন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পরবর্তীতে ফুলগাজীতে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যস্ততম কর্মসূচির মাঝে সড়কের ধারের এই অনানুষ্ঠানিক মুহূর্তটি সফরের অন্যতম আলোচিত গল্পে পরিণত হয়েছে।

