সৌদি আরবের পর্যটন ভিসা ব্যবস্থায় যুক্ত হয়েছে নতুন সুবিধা। এখন থেকে মেক্সিকো, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং উত্তর মেসিডোনিয়ার নাগরিকরা তাৎক্ষণিক ইলেকট্রনিক পর্যটন ভিসা (ই-ভিসা) পাবেন। একই সঙ্গে অন-অ্যারাইভাল ভিসায় সরাসরি সৌদি আরবে প্রবেশের সুযোগ তৈরি হয়েছে দেশগুলোর নাগরিকদের জন্য।
শনিবার (৭ নভেম্বর) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে এ ঘোষণা দেয়। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
ই-ভিসা ও অন-অ্যারাইভাল সুবিধা:
নতুন নিয়ম অনুযায়ী, মেক্সিকো, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং উত্তর মেসিডোনিয়ার নাগরিকদের পর্যটন ভিসার জন্য আর দূতাবাস বা কনস্যুলেটে দৌড়ঝাঁপ করতে হবে না। তাঁরা ঘরে বসে অনলাইনে মাল্টিপল-এন্ট্রি ই-ভিসার আবেদন করতে পারবেন। এছাড়া চাইলে সৌদি আরবের যেকোনো আন্তর্জাতিক বিমানবন্দর, সমুদ্রবন্দর বা সীমান্ত প্রবেশপথে পৌঁছেও অন-অ্যারাইভাল ভিসা নিতে পারবেন।
এ ভিসার অধীনে দর্শনার্থীরা সৌদি আরবে ভ্রমণ, ওমরাহ পালন, বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনীতে অংশগ্রহণ এবং দেশটিতে বসবাসরত স্বজনদের সঙ্গে দেখা করার সুবিধা পাবেন।
কূটনৈতিক প্রতিক্রিয়া:
সৌদি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক প্রতিনিধিরা। সৌদি আরবে নিযুক্ত মেক্সিকোর চার্জ দ্য অ্যাফেয়ার্স গিয়েরমো গুতিয়েরেজ জানান, এই পদক্ষেপে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি ও বিমান চলাচল খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।
একইভাবে সার্বিয়ার রাষ্ট্রদূত দ্রাগান বিসেনিচ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে সার্বিয়ার নাগরিকদের জন্য ধর্মীয় উৎসব ও ওমরাহ পালন সহজ হওয়ার পাশাপাশি দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
যেসব বিধিনিষেধ প্রযোজ্য:
নতুন পর্যটন ভিসায় কিছু সুনির্দিষ্ট নিয়ম ও কড়াকড়ি আরোপ করা হয়েছে:
-
মেয়াদ ও অবস্থানের নিয়ম: ভিসার নির্ধারিত মেয়াদের মধ্যেই দর্শনার্থীকে সৌদি আরব ছাড়তে হবে। মেয়াদ শেষ হওয়ার আগে ভিসা নবায়নের সুযোগ থাকছে না।
-
কাজের ওপর নিষেধাজ্ঞা: এ ভিসায় সৌদি আরবে গিয়ে বেতন বা পারিশ্রমিকভিত্তিক কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
-
হজ মৌসুমে কড়াকড়ি: এ ভিসাধারীরা স্বাভাবিক সময়ে ওমরাহ পালন করতে পারলেও হজের নির্ধারিত মৌসুমে ওমরাহ পালন করতে পারবেন না।

