মালয়েশিয়ায় অস্থায়ী কর্মসংস্থান ভিসা বা পিএলকেএস (PLKS) জালিয়াতির অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালত ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পেনাং রাজ্যের সেবেরাং পেরাই সেলাতান জেলার সিম্পাং আমপাট এলাকায় ‘অপ সারকাপ’ নামে এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
পেনাং রাজ্য অভিবাসন বিভাগের পরিচালক শামসুল ফিতরি আহমাদ জানান, গ্রেফতার হওয়া দুই বাংলাদেশির বয়স যথাক্রমে ২৩ ও ৩২ বছর। অভিবাসন বিভাগের প্রাথমিক তদন্তে দেখা গেছে, আবাসিক ভবনটি ব্যবহারের মাধ্যমে তারা বিভিন্ন বিদেশি নাগরিকের তথ্য পরিবর্তন এবং জাল নথিপত্র ছাপানোর কাজ চালিয়ে আসছিলেন। এই চক্রের মাধ্যমে তারা অবৈধভাবে পিএলকেএস ভিসা তৈরির কারসাজি করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে পরিচালক জানান, তল্লাশির সময় একজনের কাছে অন্য ব্যক্তির পরিচয় ব্যবহার করে তৈরি করা ই-পাশের মুদ্রিত কপি পাওয়া গেছে। এছাড়া ভুক্তভোগীদের নাম ও তথ্য পরিবর্তন করে তৈরি করা বেশ কিছু জাল ই-পাশের কপিও জব্দ করা হয়েছে, যা সংশ্লিষ্ট ব্যক্তিদের নয়। অপরাধমূলক এই কর্মকাণ্ডের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা নিশ্চিত করতে উদ্ধার করা নথিপত্র ও আলামত যাচাই-বাছাই করা হচ্ছে। এছাড়া কয়েকটি পরিবর্তিত ই-পাশের কপিও উদ্ধার করা হয়েছে, যেগুলো ওই ব্যক্তির নিজস্ব নয়।
অভিযানকালে জালিয়াতির কাজে ব্যবহৃত সরঞ্জাম হিসেবে একটি ল্যাপটপ ও প্রিন্টার জব্দ করেছে কর্তৃপক্ষ। এছাড়া সেখানে থাকা এক পাকিস্তানি নাগরিকের পাসপোর্টও উদ্ধার করা হয়েছে। কতজন বিদেশি নাগরিক এই চক্রের মাধ্যমে অবৈধভাবে ওয়ার্ক পারমিট বা পিএলকেএস সংগ্রহের চেষ্টা করেছেন, তা নিয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।

