ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশের খারাজ এলাকায় সৌদি আরবের সেনাদের বেশ কয়েকটি সমাবেশস্থলে বড় ধরনের হামলার দাবি করেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের যোদ্ধারা ওই এলাকায় অবস্থানরত ‘শত্রু সৌদি বাহিনী’র ওপর সরাসরি আঘাত হেনেছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দেওয়া এক পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খারাজ এলাকায় সৌদি সেনাদের লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই আক্রমণ চালানো হয়েছে। এই হামলায় কয়েক ডজন সৌদি সেনা হতাহত হয়েছেন এবং বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ও যানবাহন ধ্বংস হয়েছে বলে দাবি করেছে হুতিরা। তবে হুতিদের এই দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।
কৌশলগত দিক থেকে ইয়েমেনের লাহিজ প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অঞ্চলটি একদিকে এডেন এবং অন্যদিকে পশ্চিম উপকূলের সাথে সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ পথ। ভৌগোলিক অবস্থানের কারণে এই অঞ্চলটি বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী এই জলপথ দিয়ে নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানিবাহী জাহাজ চলাচল করে থাকে।
উল্লেখ্য, অতীতেও এই অঞ্চলে হুতি বাহিনীর সঙ্গে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত এবং সৌদি সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বারবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিরাপত্তা পরিস্থিতির খাতিরে এলাকাটি সবসময়ই বেশ সংবেদনশীল হিসেবে বিবেচিত হয়।

