রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ইংলিশ মিডিয়াম বা আন্তর্জাতিক কারিকুলামভিত্তিক স্কুলগুলোর প্রায় ৭০ শতাংশেরই যথাযথ সরকারি নিবন্ধন বা অনুমোদন নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোছা. সাবিরা সুলতানার এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।
ইচ্ছামতো পরিচালনার অভিযোগ ও নীতিমালার অভাব:
সংসদে শিক্ষামন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনার জন্য পূর্বে সরকারের পক্ষ থেকে কোনো কঠোর বা কার্যকর সমন্বিত নীতিমালা ছিল না। এর ফলে অধিকাংশ প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছামতো গড়ে উঠেছে এবং পরিচালিত হয়ে আসছে। শিক্ষা খাতকে সুশৃঙ্খল ও জবাবদিহির মধ্যে নিয়ে আসতে বর্তমান সরকার কাজ শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।
আইনি কাঠামোর আওতায় আনার উদ্যোগ:
অনুমোদনহীন ও নিবন্ধনবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে দ্রুত আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিদেশি কারিকুলাম বা ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর জন্য একটি আধুনিক ও অভিন্ন নীতিমালা প্রণয়নের কাজ বর্তমানে চলমান রয়েছে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানকে বাধ্যতামূলক নিবন্ধনের ব্যবস্থার আওতায় আনার প্রক্রিয়াও দ্রুত বাস্তবায়ন করা হবে।

