দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ এবং এর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে বুধবার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের কথা জানান। চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের করা এক লিখিত প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতোমধ্যে এই বিষয়ে একটি সুনির্দিষ্ট আদেশ জারি করেছে। এই আদেশের আওতায় শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে ঢোকা কিংবা তা ব্যবহার করা সম্পূর্ণ বারণ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে চট্টগ্রাম-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের টেবিলে উপস্থাপিত এক তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আরও জানান, সামগ্রিক শিক্ষা কার্যক্রম পরিচালনার স্বার্থে নীতিমালা প্রণয়নের বিষয়টি মূলত শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত।
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পাঠদান ও পড়াশোনায় মনোনিবেশ নিশ্চিত করাই এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য। বিশ্বব্যাপী বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থায় অনুরূপভাবে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ ও কার্যকর করা হচ্ছে। এর ফলে শ্রেণিকক্ষের পরিবেশ আরও সুশৃঙ্খল ও মনোযোগী হবে বলে আশা করা হচ্ছে।

