অস্ট্রেলিয়ার অভিবাসন ব্যবস্থায় আবারও বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির স্বরাষ্ট্র দপ্তর (ডোপা)। গত ১৩ নভেম্বর থেকে টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসায় (সাবক্লাস ৪৮৫) পরিবারের সদস্যদের পরবর্তীতে ‘সাবসিকোয়েন্ট এন্ট্রান্ট’ হিসেবে যুক্ত করার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ৩০ নভেম্বর থেকে নিয়োগকর্তা-স্পনসরড ভিসা আবেদনকারীদের জন্য ‘ব্রিজিং ভিসা বি’ (BVB)-এর বিদেশ ভ্রমণের মেয়াদ ও যাচাই-বাছাই প্রক্রিয়া আরও কঠোর করা হচ্ছে।
১. টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা (৪৮৫): পরিবারের সদস্যদের ক্ষেত্রে নতুন নিয়ম (কার্যকর ১৩ নভেম্বর)
নতুন নিয়ম অনুযায়ী, ৪৮৫ ভিসাধারীরা পরবর্তীতে আলাদাভাবে তাঁদের স্বামী/স্ত্রী বা সন্তানদের অস্ট্রেলিয়ায় আনতে পারবেন না। মূল আবেদনকারী যখন ভিসার আবেদন করবেন, ঠিক সেই সময়েই যোগ্য পরিবারের সদস্যদের আবেদনে যুক্ত করতে হবে। আবেদন করার সময় মূল আবেদনকারীকে অবশ্যই অস্ট্রেলিয়ায় থাকতে হবে, তবে পরিবারের সদস্যরা অস্ট্রেলিয়া বা বিদেশে অবস্থান করতে পারবেন।
-
প্রথম গ্র্যাজুয়েট ভিসার শর্ত: পরিবারের সদস্যদের যুক্ত করতে হলে তাঁদের বর্তমানে মূল আবেদনকারীর ডিপেন্ডেন্ট হিসেবে স্টুডেন্ট ভিসা থাকতে হবে, অথবা গত ২ অক্টোবর ২০২৬ তারিখে বা আবেদন করার পূর্ববর্তী ছয় মাসের মধ্যে ডিপেন্ডেন্ট স্টুডেন্ট ভিসাধারী হতে হবে।
-
বিশেষ ছাড়: মূল আবেদনকারী যদি প্যাসিফিক বা আসিয়ান (ASEAN) অঞ্চলের নাগরিক হন, স্টুডেন্ট ভিসায় থাকাকালীন পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন অথবা কোনো বিদেশি সরকারের সম্পূর্ণ বৃত্তিতে পড়াশোনা শেষ করেন—তবে তিনি নতুন বা বর্তমান যেকোনো পরিবারের সদস্যকে মূল আবেদনের সাথে যুক্ত করতে পারবেন।
-
নবজাতক শিশুদের ক্ষেত্রে নিয়ম: অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া শিশুরা স্বয়ংক্রিয়ভাবে অভিভাবকের সমমানের গ্র্যাজুয়েট ভিসা পাবে। তবে অভিভাবক ৪৮৫ ভিসা পাওয়ার পর অস্ট্রেলিয়ার বাইরে কোনো শিশু জন্ম নিলে তাকে পরবর্তীতে ‘সাবসিকোয়েন্ট এন্ট্রান্ট’ হিসেবে আনা যাবে না; কেবল আঞ্চলিক (রিজিওনাল) শর্ত পূরণ সাপেক্ষে দ্বিতীয় গ্র্যাজুয়েট ভিসা আবেদনের সময় তাকে যুক্ত করা সম্ভব হতে পারে।
-
দ্বিতীয় গ্র্যাজুয়েট ভিসা: দ্বিতীয় ৪৮৫ ভিসার ক্ষেত্রেও পরিবারের সদস্যদের বর্তমানে বা বিগত ছয় মাসের মধ্যে ডিপেন্ডেন্ট গ্র্যাজুয়েট ভিসাধারী হতে হবে এবং মূল আবেদনের সাথেই যুক্ত হতে হবে।
২. ব্রিজিং ভিসা বি (BVB)-তে ভ্রমণ কড়াকড়ি (কার্যকর ৩০ নভেম্বর)
আগামী ৩০ নভেম্বর থেকে সাবক্লাস ১৮৬, ১৮৭, ৪৮২ (স্কিলস ইন ডিমান্ড ও টিএসএস), ৪৫৭ এবং ৪৯৪ ভিসার চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকা আবেদনকারীদের জন্য ব্রিজিং ভিসা বি-এর নিয়ম কঠোর হচ্ছে।
-
কমবে ভ্রমণের মেয়াদ: আগে যেখানে ১ থেকে ৩ বছর মেয়াদী মাল্টিপল-এন্ট্রি ভ্রমণের সুযোগ দেওয়া হতো, এখন থেকে তা কমিয়ে আবেদনকারীর সুনির্দিষ্ট ভ্রমণের তারিখের সাথে সামঞ্জস্য রেখে স্বল্প মেয়াদের জন্য দেওয়া হবে।
-
যৌক্তিক কারণ ও প্রমাণপত্র বাধ্যতামূলক: কেবল পরিবারের সাথে দেখা করা বা সাধারণ ছুটি কাটানোর কথা বললে ভিসা প্রত্যাখ্যাত হতে পারে। অস্ট্রেলিয়া ত্যাগের ও ফিরে আসার পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যৌক্তিক কারণ (যেমন—ব্যবসায়িক সভা বা সম্মেলন, গুরুতর অসুস্থ নিকটাত্মীয়কে দেখা, বিবাহ বা অন্ত্যেষ্টিক্রিয়া, জরুরি চিকিৎসা কিংবা ভিসা সংক্রান্ত নথিপত্র সংগ্রহ) দেখাতে হবে এবং এর স্বপক্ষে উপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে।
৩. ভিজিটর ভিসা ও এসিটি (ACT) স্কিলড নমিনেশন আপডেট
-
ভিজিটর ভিসায় ‘নো ফারদার স্টে’ (শর্ত ৮৫০৩): আগামী ২৮ নভেম্বর থেকে সংশ্লিষ্ট ভিজিটর ভিসাগুলোতে ‘কন্ডিশন ৮৫০৩ – নো ফারদার স্টে’ বাধ্যতামূলক করা হচ্ছে। এর ফলে ভিজিটর ভিসায় অস্ট্রেলিয়ায় গিয়ে ভেতর থেকে (অনশোর) অন্য কোনো ভিসার আবেদন করার পথ বন্ধ হয়ে যাবে।
-
এসিটি (ACT) দক্ষ অভিবাসন কোটা: অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি (ACT) চলতি অর্থবছরের জন্য সীমিত কোটা ঘোষণা করেছে—যার মধ্যে স্কিলড নমিনেটেড ভিসার (সাবক্লাস ১৯০) জন্য ৬০০টি এবং স্কিলড ওয়ার্ক রিজিওনাল ভিসার (সাবক্লাস ৪৯১) জন্য ২০০টি আসন বরাদ্দ রাখা হয়েছে।

