বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক রদবদল করা হয়েছে। গত ১৫ নভেম্বর (রবিবার) সাতজন মেজর জেনারেলকে নতুন দায়িত্ব দেওয়ার পাশাপাশি তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এই পরিবর্তনের ফলে ৪টি পদাতিক ডিভিশনের নেতৃত্বসহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে নতুন নিয়োগ সম্পন্ন হয়েছে।
রদবদলের অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতারেব সাজ্জাদ মাহমুদকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে বিপসটের কমান্ড্যান্টের দায়িত্বে থাকা মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে। এদিকে ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে আনসার ও ভিডিপির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য নিয়োগের মধ্যে জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) মেজর জেনারেল মো. সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ওই ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে ৫৫ পদাতিক ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ৫৫ পদাতিক ডিভিশনের সাবেক জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং ১৯ পদাতিক ডিভিশনের অধিনায়ক ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এদিকে পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তার নতুন পদায়ন নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম আব্দুল বাতিন ইমানিকে ১১ পদাতিক ডিভিশনের জিওসি এবং ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসাইনকে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল রাজুকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে জাতীয় প্রতিরক্ষা কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

